স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ১৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশের জাতীয় ফুটবল দলের হয়ে প্রতিনিধিত্বকারী যশোরের কৃতি ও গর্বিত সাবেক, বর্তমান এবং প্রয়াত ফুটবলারদের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ শনিবার (১৪ নভেম্বর) দুপুরে যশোর প্রেস ক্লাবের শহীদ গোলাম মাজেদ মিলনায়তনে ‘সৌখিন ক্রীড়াচক্র, যশোর’-এর উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সৌখিন ক্রীড়াচক্র, যশোরের সভাপতি প্রকৌশলী মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক মো. রফিকুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৌখিন ক্রীড়াচক্রের সাংগঠনিক সম্পাদক কাওসার আলী। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় অর্ধশত ক্রীড়াপ্রেমী মানুষ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
আলোচনা সভায় বক্তারা বলেন, যশোরের ফুটবলের রয়েছে এক গৌরবোজ্জ্বল ইতিহাস ও সমৃদ্ধ ঐতিহ্য। এ জেলার কৃতি ফুটবলাররা অতীতে জাতীয় পর্যায়ে নিজেদের অসাধারণ প্রতিভা ও দক্ষতার স্বাক্ষর রেখে দেশের মুখ উজ্জ্বল করেছেন। বর্তমান প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি গভীরভাবে আগ্রহী করে তুলতে হবে। আর এর জন্য ক্রীড়াঙ্গনের এই সোনালী ঐতিহ্য ধরে রাখতে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের যথাযথ মূল্যায়ন করা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অংশ নেওয়া যশোরের ৫ জন পুরুষ ও ৪ জন নারী—মোট ৯ জন কৃতি ফুটবল খেলোয়াড়কে (প্রয়াত খেলোয়াড়দের পরিবারের প্রতিনিধিদেরসহ) সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করে সংবর্ধিত করা হয়। যশোরের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে আয়োজকদের এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।ছবি সংগৃহীত।
