স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২৩ নভেম্বর ২০২৬
যশোর শহরে আওয়ামী লীগ নেতাদের বসতবাড়ি ও একটি রেস্টুরেন্ট লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, অভয়নগরে ফাঁকা গুলি এবং শার্শায় পরিত্যক্ত বাড়ি থেকে অস্ত্রের ব্যারেল ও গুলি উদ্ধারের ঘটনায় পুরো জেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এসব ঘটনার পর নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
গত রোববার (২২ নভেম্বর) রাত সোয়া ১২টা থেকে ১২টা ২০ মিনিটের মধ্যে যশোর শহরের পুরাতন কসবা এবং পোস্ট অফিসপাড়া এলাকার কয়েকটি বাড়ি ও লাবিস্তা রেস্টুরেন্ট লক্ষ্য করে ককটেল ছোড়া হয়। বিস্ফোরণের তীব্রতায় কয়েকটি ভবনের জানালার কাচ ভেঙে গেলেও এ ঘটনায় কেউ হতাহত হননি।
বিজ্ঞাপন
একই রাতে অভয়নগর উপজেলার রানাগাতী গ্রামের একাধিক স্থানে দুর্বৃত্তরা সাত রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। এর আগে শার্শা উপজেলার সামটা গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ওয়ান শুটারগানের একটি ব্যারেল ও দুই রাউন্ড গুলি জব্দ করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলার নয়টি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে আটক হওয়া ২৬ জনের মধ্যে ছয়জন বর্তমানে কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে রয়েছেন। কোতোয়ালি থানায় আটক ব্যক্তিদের মধ্যে জেলা যুবলীগের শহর কমিটির সাবেক সভাপতি কামাল হোসেন পর্বত রয়েছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ককটেল হামলার স্থানগুলো থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে এবং বাকি ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের শনাক্ত করার পাশাপাশি আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।ছবি সংগৃহীত।
