স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২৪ নভেম্বর ২০২৬
যশোর শহরের জেল রোড এলাকায় অবস্থিত ‘জামান মেডিসিন কর্ণার’ নামের একটি ওষুধের দোকানকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কুইন্স হাসপাতালের ঠিক বিপরীতে থাকা এই ফার্মেসিটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত, ফ্রিজে বরফ জমে ওষুধ নষ্ট হওয়া, বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ওষুধ রাখা এবং ভুয়া ওষুধকে বিদেশি বলে চালানোর অভিযোগে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে এ অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান এবং জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক সুলতানা রিফাত ফেরদৌস যৌথভাবে এই তদারকি অভিযান পরিচালনা করেন।
বিজ্ঞাপন
অভিযানসংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানায়, পরিদর্শনের সময় ওই দোকানে বিপুল পরিমাণ চিকিৎসক স্যাম্পল ওষুধ পাওয়া যায়, যা বাজারে বিক্রি করা আইনত নিষিদ্ধ। এ ছাড়া ওষুধ রাখার ফ্রিজে জমে থাকা বরফে ওষুধ ভিজে যাওয়ার মতো পরিস্থিতিও চোখে পড়ে এবং মেয়াদোত্তীর্ণ ওষুধের উপস্থিতি মেলে। অভিযানের সবচেয়ে চাঞ্চল্যকর দিক ছিল একটি নাকের ড্রপ—যার গায়ে ‘মেইড ইন ইন্ডিয়া’ লেখা থাকলেও কিউআর কোড স্ক্যান করে দেখা যায়, পণ্যটি আসলে ভুয়া।
সব মিলিয়ে এসব অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালত দোকান কর্তৃপক্ষকে ৬ হাজার টাকা জরিমানা করেন। ছবি সংগৃহীত।
