চুয়াডাঙ্গা প্রতিনিধি
সংবাদপত্রের ভুয়া পরিচয়পত্র ঝুলিয়ে সরকারি দপ্তরে চাঁদা তুলতে গিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় হাতেনাতে ধরা পড়েছেন সবুজ শেখ (৩৬) নামের এক যুবক। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) বিকেল ৪টার দিকে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শাহনেওয়াজ মেহেদী এই সাজা ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সবুজ চুয়াডাঙ্গা পৌর এলাকার কাছেদ আলীর ছেলে।
স্থানীয় ও ভূমি অফিস সূত্রে জানা গেছে, সবুজ নিজেকে পেশাদার সাংবাদিক দাবি করে আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসে যান। সেখানে একটি সংবাদপত্রের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অজুহাত দেখিয়ে কর্মকর্তাদের কাছে অনৈতিকভাবে টাকা দাবি করেন। তাঁর চালচলন ও কথায় খটকা লাগলে সহকারী কমিশনার (ভূমি) উক্ত পত্রিকার সম্পাদক ও তাঁর সাংবাদিকতার বিস্তারিত তথ্য জানতে চান।
বিজ্ঞাপন
কর্মকর্তার প্রশ্নের মুখে সবুজ কোনো সঠিক উত্তর দিতে না পেরে একপর্যায়ে ভূয়া পরিচয় দিয়ে চাঁদা আদায় করতে আসার কথা মেনে নেন। জালিয়াতি ও সরকারি দাপ্তরিক কাজে বিঘ্ন ঘটানোর অপরাধে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। তবে তাঁর সাথে থাকা অপর সহযোগীকে মুচলেকা রেখে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এ এস এম শাহনেওয়াজ মেহেদী জানান, সরকারি দপ্তরে এসে ভূয়া পরিচয়ে চাঁদাবাজি ও প্রশাসনিক কাজে ব্যাঘাত ঘটানোর দায়ে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। আটকের সময় তাঁর কাছ থেকে ‘দি বাংলা ইন্ডিপেন্ডেন্ট’ নামের একটি কার্ড জব্দ করা হয়। ছবি সংগৃহীত।
