স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকার অবৈধ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীন বেনাপোল আইসিপি ক্যাম্পের একটি চৌকস টহলদল সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ বিদেশি পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত চোরাচালানি পণ্যের তালিকায় রয়েছে ৬৫ পিস শাড়ি, ৩ পিস থ্রিপিস, ২টি কম্বল, ৭ প্যাকেট ফুচকা, ১ কেজি কিসমিস, ২৬ প্যাকেট খৈনি এবং ৪০৭ পিস বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস সামগ্রী। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা।
বিজ্ঞাপন
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দেশের অর্থনীতিকে পঙ্গু করা এবং সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশসহ যেকোনো ধরনের চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত অভিযান অত্যন্ত কঠোরভাবে অব্যাহত রয়েছে। সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ড দমনে জওয়ানেরা সর্বদা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি। ছবি সংগৃহীত।
