স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের ঝিকরগাছা উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির শুভ পরিচিতি সভা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও প্রবীণ রাজনীতিক মর্তোজা এলাহি টিপু শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুণগত ও নৈতিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, কেবল প্রাতিষ্ঠানিক সনদ অর্জন করলেই চলবে না, বরং প্রকৃত সুশিক্ষায় শিক্ষিত হয়ে একজন আলোকিত ও ‘ভালো মানুষ’ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। একই সঙ্গে দেশকে ভালোবাসার মানসিকতা নিয়ে আদর্শ ও সুনাগরিক হিসেবে নিজেকে প্রস্তুত করার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করেন।
বক্তব্যে তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলের সার্বিক শিক্ষা ব্যবস্থার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, বিগত শাসনমালে লাগাতার প্রশ্ন ফাঁস কেলেঙ্কারি ও প্রশাসনিক দুর্নীতির কারণে শিক্ষাব্যবস্থা ধসে পড়েছিল। অহেতুক জিপিএ-৫ এর বন্যা ও শতভাগ পাসের কাগুজে সার্টিফিকেট তুলে দেওয়া হলেও শিক্ষার্থীদের মাঝে প্রকৃতপক্ষে মেধাবৃত্তিক নৈতিক শিক্ষা ও যোগ্যতার বিকাশ ঘটেনি।
বিজ্ঞাপন
বিদ্যালয়ের সার্বিক অবকাঠামোগত ও শিক্ষার গুণগত মানোন্নয়নে বর্তমান পরিচালনা পর্ষদ কার্যকর ভূমিকা পালন করলে সব ধরনের সামাজিক ও প্রশাসনিক সহায়তার আশ্বাস দেন উপজেলা বিএনপির এই শীর্ষস্থানীয় নেতা।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি মো. জোবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশফাকুজ্জামান খান রনি এবং গঙ্গানন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ কে এম শামসুজ্জামান খান সোহেল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমানের দিকনির্দেশনামূলক স্বাগত বক্তব্য এবং সিনিয়র সহকারী শিক্ষক মো. তরিকুল ইসলামের সুনিপুণ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য পেশ করেন বিএনপি নেতা আব্দুল মাজিদ, মো. মমিনুর রহমান, আইয়ুব হোসেন পন্ডিত, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটন, অভিভাবক সদস্য মো. গোলাম রেজা এবং শিক্ষক প্রতিনিধি মো. রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবক নেতৃবৃন্দ।
এর আগে অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত প্রবীণ নেতৃবৃন্দ ও অতিথিদের বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়। ছবি সংগৃহীত।

