স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২২ নভেম্বর ২০২৬
চোরাই লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধারের ঘটনায় যশোরের শার্শা থেকে একজনকে আটক করেছে পুলিশ। আটক শেখ মহাসিন কবির (৪০) সাতক্ষীরার কলারোয়া উপজেলার কিসমত ইলিশপুর গ্রামের বাসিন্দা এবং শেখ মিজানুর রহমানের ছেলে। গতকাল শনিবার (২১ নভেম্বর) দুপুরে শার্শার বাগআঁচড়া বাজারের ফুলতলা পট্টি এলাকার ‘মেসার্স মহাসিন সাইকেল স্টোরে’ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
পুলিশ জানায়, বাগআঁচড়ার ফুলতলা পট্টির ওই দোকানে চোরাই ব্যাটারি কেনাবেচা চলছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে এসআই মোস্তাকের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে ৫৯টি লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম ব্যাটারির ১৭টি সার্কিট বোর্ড, ১৫টি খোলা সার্কিট, স্টিলের শিট দিয়ে তৈরি ১৪টি বক্স এবং লিথিয়াম ব্যাটারির চারটি বক্স উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
চোরাই পণ্য মজুত ও বেচাকেনার অভিযোগে সাইকেল স্টোরের মালিক শেখ মহাসিন কবিরকে আটক করা হয়; জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫৩ হাজার ২০০ টাকা নির্ধারণ করেছে পুলিশ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, উদ্ধারকৃত মালামালসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আজ রোববার (২২ নভেম্বর) দুপুরে তাঁকে যশোর আদালতে পাঠানো হয়। এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। ছবি সংগৃহীত।
