স্ফুলিঙ্গ রিপোর্ট :
মানব পাচারের শিকার হয়ে দেশে ফিরে আসা নারীদের সামাজিক পুনর্বাসন, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে যশোরে দিনব্যাপী ‘নারী উদ্যোক্তা নেটওয়ার্ক মিটিং’ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সকালে যশোর শহরের শহীদ স্বপন সড়কস্থ ‘প্রশান্তি নিলয়’-এর কনফারেন্স রুমে স্থানীয় স্বনামধন্য মানবাধিকার সংগঠন ‘রাইটস যশোর’-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় বাস্তবায়নাধীন ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় জেলার বিভিন্ন এলাকার পাচার থেকে ফিরে আসা ১৮ জন নারী উদ্যোক্তা এতে অংশ নেন।
দিনব্যাপী এই সেশনে নারী উদ্যোক্তাদের পারস্পরিক ব্যবসায়িক নেটওয়ার্কিং, স্থানীয় বাজারে পণ্যের সম্ভাবনা, অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন এবং সম্মিলিতভাবে ব্যবসা পরিচালনা করার নানা দিক নিয়ে বিস্তারিত কর্মশালা পরিচালিত হয়। সেশনে অংশগ্রহণকারী নারীরা তাঁদের জীবনের ঘুরে দাঁড়ানোর গল্প, চলমান ব্যবসায়িক অভিজ্ঞতা, বিদ্যমান প্রতিবন্ধকতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
বিজ্ঞাপন
পরবর্তীতে সমাপনী পর্বে নারী উদ্যোক্তা নেটওয়ার্ক কমিটির সভাপতি শরিফা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর, যশোরের উপপরিচালক অনিতা মল্লিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‘আশ্বাস’ প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর সুপ্তি দিব্রা।
প্রধান অতিথির বক্তব্যে অনিতা মল্লিক বলেন, “নারীরা এখন আর সমাজের বোঝা বা অবহেলিত নয়। সঠিক দৃষ্টিভঙ্গি, আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে চরম প্রতিকূলতা পেরিয়েও সফলতা অর্জন করা সম্ভব।” এ সময় তিনি পাচার থেকে ফিরে আসা এসকল অদম্য নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রসারে সরকারি সকল সুযোগ-সুবিধা ও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে পাচার থেকে ফিরে আসা নারীরা নিজেদের আত্মনির্ভরশীলতাকে টেকসই করতে ‘নারী উদ্যোক্তা নেটওয়ার্ক’ নামে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার আনুষ্ঠানিক ঘোষণা দেন। সংগঠনটির কার্যক্রমে উপস্থিত সদস্য স্বপ্না খাতুন, নার্গিস খাতুন ও রেখা খাতুন বক্তব্য রাখেন এবং সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন।
উক্ত নেটওয়ার্ক মিটিংয়ে আরও উপস্থিত ছিলেন ‘আশ্বাস’ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এস এম আজহারুল ইসলাম, কেস ম্যানেজার সোশ্যাল সার্ভিস কৃষ্ণা রানী সাহা, সাইকোসোশ্যাল কাউন্সেলর তন্দ্রা দাস ও তাহমিনা আক্তার, টেকনিক্যাল এক্সপার্ট বিপ্লব কুমার রাহা, মনিটরিং অফিসার প্রকাশ কুমার স্বর, রাইটস যশোরের তথ্য কর্মকর্তা বজলুর রহমান এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট শ্যামল মল্লিক।
পুরো অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতায় সঞ্চালনা করেন ‘আশ্বাস’ প্রকল্পের ম্যানেজার (ইকোনমিক ডেভেলপমেন্ট) ফাতিমা আফরোজ রুমকি। ছবি সংগৃহীত।
