‘জামায়াত ও নিষিদ্ধ ছাত্রলীগের উসকানিতে প্রলুব্ধ হওয়া যাবে না’ : কালীগঞ্জে রাশেদ খান

‘জামায়াত ও নিষিদ্ধ ছাত্রলীগের উসকানিতে প্রলুব্ধ হওয়া যাবে না’ : কালীগঞ্জে রাশেদ খান

মোঃ মাসুদ রানা (কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি):

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান অভিযোগ করেছেন, রাজপথের বিরোধী শক্তি জামায়াতে ইসলামী চক্রান্তমূলকভাবে বিএনপির ঐক্যে ফাটল ধরানোর অপরাজনীতিতে লিপ্ত হয়েছে এবং তাদের উসকানিতেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ দেশের বিভিন্ন প্রান্তে ঝটিকা মিছিল করার দুসাহস দেখাচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে রাশেদ খান অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেন, “আপনারা সবাই দেশনায়ক তারেক রহমানের আদর্শের বিএনপি করেন, রাশেদ খানের ব্যক্তি-বিএনপি করার কোনো প্রয়োজন নেই। বিগত জাতীয় সংসদ নির্বাচনে নানা কারণে যাঁরা ভুলের মধ্যে ছিলেন, তাঁরা আজ সত্য উপলব্ধি করেছেন। এখন সময় এসেছে কালবিলম্ব না করে সবাইকে বিএনপির এক ছাতার নিচে এসে মূলধারার রাজনীতিকে শক্তিশালী করার।”

উপজেলার সার্বিক অবকাঠামোগত ও সামাজিক উন্নয়নের আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, “আপনারা যদি ঐক্যবদ্ধভাবে আমাকে আন্তরিক সহযোগিতা করেন, তবে এই কালীগঞ্জ উপজেলাকে ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশের মধ্যে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন ‘মডেল উপজেলা’ হিসেবে গড়ে তুলতে সক্ষম হব।”

মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, “বিএনপির নাম ভাঙিয়ে তথাকথিত বিচার-সালিশের নামে নিরীহ মানুষকে হয়রানি, অন্যায্য চাঁদাবাজি, জুলুম বা নির্যাতন কোনোভাবেই বরদাশত করা হবে না। আমি ব্যক্তিগতভাবে ওয়াদা করছি—কারো সাথে কোনো প্রকার বৈষম্য করা হবে না।” তিনি অতীতের সকল দ্বিধাদ্বন্দ্ব ও ভেদাভেদ ভুলে গিয়ে সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

উক্ত জনাকীর্ণ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, জ্যেষ্ঠ নেতা তবিবুর রহমান মিনি, ডা. নুরুল ইসলাম, ইসরাইল হোসেন জীবন, আবুল কালাম আজাদ, ইলিয়াস রহমান মিঠু, নজরুল ইসলাম তোতা, রেজাউল ইসলাম, নজরুল মোল্লা, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহবুবুর রহমান মিলন, আশরাফুজ্জামান লাল ও মিজানুর রহমানসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সভা চলাকালে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ডা. নুরুল ইসলামসহ একাধিক হেভিওয়েট কর্মী আনুষ্ঠানিকভাবে নিজেদের ভুল স্বীকার করে মূলধারার বিএনপির রাজনীতির সাথে পুনরায় যুক্ত হওয়ার দৃপ্ত ঘোষণা দেন। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *