মো. মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ)
তারিখ: ১৫ নভেম্বর ২০২৬
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি ও অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিশেষ এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে শুরু হওয়া টানা প্রায় তিন ঘণ্টাব্যাপী এই অভিযানে হাসপাতালের সার্বিক কার্যক্রম ও দাপ্তরিক কাগজপত্র যাচাই-বাছাই করে বেশ কিছু অনিয়মের প্রাথমিক প্রমাণ পেয়েছেন দুদক কর্মকর্তারা। অভিযানকালে অনুসন্ধানের স্বার্থে হাসপাতাল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্রও জব্দ করা হয়েছে।
ঝিনাইদহ জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মো. খালিদ মাহমুদের নেতৃত্বে চার সদস্যের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে হাসপাতালের চিকিৎসা সেবা ব্যবস্থাপনা, ওষুধ ও সরঞ্জাম সরবরাহ, প্রশাসনিক কার্যক্রম এবং সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত দুর্নীতির অভিযোগ-সংক্রান্ত নথিপত্র নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
বিজ্ঞাপন
অভিযান শেষে ঝিনাইদহ জেলা দুদকের সহকারী পরিচালক মো. খালিদ মাহমুদ গণমাধ্যমকর্মীদের জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কমিশনের নির্দেশনায় এই অভিযান চালানো হয়েছে। প্রাথমিক যাচাইয়ে হাসপাতালের কার্যক্রমে বেশ কিছু অসংগতি ও অনিয়মের সত্যতা পাওয়া গেছে। অধিকতর তদন্তের জন্য প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে, যা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে কমিশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরীণ অনিয়ম, চিকিৎসা সেবার অব্যবস্থাপনা এবং দুর্নীতির নানা চিত্র তুলে ধরে একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। বিশেষ করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সরকারি অর্থ বরাদ্দ আত্মসাতের গুরুতর অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।
এদিকে, দুদকের এই আকস্মিক অভিযান এবং অনিয়মের প্রাথমিক প্রমাণসহ নথিপত্র জব্দের ঘটনায় হাসপাতাল সংশ্লিষ্টদের মাঝে চরম অস্বস্তি ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংগৃহীত নথিপত্র যাচাই শেষে অভিযুক্তদের বিরুদ্ধে দুদক কী ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী সাধারণ মানুষ। ছবি সংগৃহীত।
