স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী নওয়াপাড়া নৌবন্দরের ‘জয়েন্ট ট্রেডিং’–এর মালিক ও বিশিষ্ট কয়লা-সার ব্যবসায়ী আনিছুর রহমান হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি শাহ মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৭ মে) দিবাগত গভীর রাতে যশোর শহরের একটি গোপন আস্তানা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেফতারের সময় পুলিশ জানতে পেরেছে, স্থানীয় এক আইনজীবীর প্রত্যক্ষ সহায়তায় আইনি ফাঁকফোকর গলিয়ে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল এই শীর্ষ সন্ত্রাসী।
নওয়াপাড়া নৌবন্দরের অন্যতম শীর্ষ আমদানিকারক ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী আনিছুর রহমানকে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে হত্যার পর থেকেই প্রধান আসামি শাহ মাহমুদ এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। পুলিশ ও ডিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা দিয়ে চোরাপথে দেশ ছাড়ার জন্য সে বেশ কিছুদিন ধরে যশোরের একটি চক্রের সাথে লিয়াজোঁ করছিল।
বিজ্ঞাপন
সবশেষ রোববার রাতে যশোর শহরের একটি আবাসিক এলাকার ফ্ল্যাটে সে অবস্থান নেয়। গোপন সূত্রে খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস দল যৌথ অভিযান চালিয়ে চারপাশ ঘেরাও করে তাকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে দেশত্যাগের পরিকল্পনার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও আলামত জব্দ করা হয়।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে খুনি শাহ মাহমুদ। সে স্বীকার করেছে, যশোরের একজন প্রভাবশালী আইনজীবীর নিরাপদ আশ্রয়ে ও দিকনির্দেশনায় সে ভারতে পালিয়ে যাওয়ার ছক কষেছিল। ওই আইনজীবী তাকে সীমান্ত পার করার জন্য দালাল চক্রের সাথে চুক্তি করতেও সহায়তা করছিলেন। একজন আইনজীবীর এমন অপরাধমূলক কর্মকাণ্ড এবং খুনের আসামিকে আশ্রয় দেওয়ার বিষয়টি প্রকাশ পাওয়ায় স্থানীয় সচেতন মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ছবি সংগৃহীত।

