স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর-বেনাপোল মহাসড়কের পৃথক দুটি স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি যানবাহন দুর্ঘটনায় পতিত হয়ে মাছবাহী মিনিট্রাক ও কাভার ভ্যানের দুই চালক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) ভোরে মহাসড়কের নতুনহাট ও চাঁচড়া চেকপোস্ট এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রথম দুর্ঘটনাটি ঘটে ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে যশোর-বেনাপোল সড়কের নতুনহাট এলাকায়। বেনাপোলমুখী মাছবাহী একটি দ্রুতগামী মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক নূর হোসেন (৫০) গাড়িতে আটকা পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা জানিয়েছেন, আহত নূর হোসেনের অবস্থা আশঙ্কাজনক। তিনি ঝিকরগাছা উপজেলার সোনাপুর-বাঁকড়া গ্রামের বাসিন্দা।
বিজ্ঞাপন
অন্যদিকে, প্রায় দেড় ঘণ্টা পর ভোর আনুমানিক ৫টার দিকে একই মহাসড়কের চাঁচড়া এলাকায় অন্য একটি দুর্ঘটনা ঘটে। দ্রুতগামী একটি কাভার ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকে (আইল্যান্ডে) ধাক্কা খেলে গাড়িটি উল্টে যায়। এতে চালক আব্দুল হক (৪৫) আঘাত পেয়ে বাঁ হাত ভেঙে গুরুতর আহত হন। আহত আব্দুল হক শার্শা উপজেলার জাদবপুর গ্রামের বাসিন্দা। তাঁকে উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও কোতোয়ালি থানা পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করে সড়ক যোগাযোগ স্বাভাবিক করে।ছবি সংগৃহীত।
