রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক (ঝিনাইদহ):
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান সামরিক ও রাজনৈতিক উত্তেজনার প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে। এছাড়া প্রতিবেশী দেশগুলোর তুলনায় দেশে জ্বালানির দাম কম থাকায় সীমান্ত দিয়ে তেল পাচারের যে আশঙ্কা দেখা দিয়েছিল, তা রোধ করতেই তেলের দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে সরকার।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
আন্তর্জাতিক বাজার পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “বর্তমানে পুরো বিশ্বে জ্বালানি সংকট চলছে। প্রতিবেশী অনেক দেশের তুলনায় আমাদের দেশে জ্বালানি তেলের দাম কম ছিল। এর ফলে আমাদের দেশ থেকে সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ তেল চোরাচালান ও পাচারের একটা মারাত্মক ঝুঁকি তৈরি হয়। এই ঝুঁকি মোকাবিলা করতেই এই মূল্য সমন্বয়।”
বিজ্ঞাপন
তিনি প্রবাসীদের অবদান স্মরণ করে আরও বলেন, “আমাদের প্রবাসীরা প্রবাসে হাড়ভাঙা খাটুনি করে অর্জিত বৈদেশিক মুদ্রা দেশে পাঠান। সেই রেমিট্যান্স দিয়ে আমাদের জ্বালানি তেল আমদানি করতে হয়। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ও সরকারি ভর্তুকির তেল কোনোভাবেই যাতে পাচারকারীদের হাতে না যায়, সরকার সে বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে।”
ভবিষ্যতে তেলের দাম কমার কোনো সম্ভাবনা আছে কি না— এমন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, “মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উন্নতি হয়ে আন্তর্জাতিক বাজার স্থিতিশীল ও স্বাভাবিক হলে আমরা অবশ্যই দেশের বাজারেও তেলের দাম পুনর্মূল্যায়ন করব। আন্তর্জাতিক বাজারে দর কমলে দেশেও দাম আরও কমানোর সুযোগ তৈরি হবে এবং সরকার তা গুরুত্বের সাথে বিবেচনা করবে।”
সামনে বোরো সেচ মৌসুমে বিদ্যুৎ সরবরাহ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, কৃষকের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশের প্রান্তিক ও গ্রামীণ পর্যায়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করার নিরলস চেষ্টা চলছে। পাশাপাশি সেচ মৌসুমে কৃষকদের ভোগান্তি কমাতে সৌরবিদ্যুৎভিত্তিক সেচ ব্যবস্থার ব্যাপ্তি বাড়ানোর মহাপরিকল্পনা নেওয়া হয়েছে।
এর আগে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত এক প্রাতিষ্ঠানিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক নোমান হোসেন প্রিন্সের সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুহাম্মদ আবু বকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনসহ স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।
