খুলনা প্রতিনিধি:
খুলনার রূপসা থানাধীন রামনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ রাজু মোড়ল (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) ভোরে খুলনা জেলা পুলিশের একটি যৌথ দল এই অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গত শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে জেলার ‘এ’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলামের নেতৃত্বে রূপসা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে গঠিত একটি যৌথ দল রামনগর এলাকায় অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে রাজু মোড়লকে একটি পিস্তল ও দুই রাউন্ড ৭.৬৫ এমএম গুলিসহ হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তারকৃত রাজু মোড়ল রূপসা উপজেলার রামনগর গ্রামের ইমান আলী মোড়লের ছেলে।
পুলিশ আরও জানায়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধ দমনে খুলনা জেলা পুলিশ নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ছবি সংগৃহীত।
