বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
যশোরের বাঘারপাড়া উপজেলায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মনিরুল ইসলাম নামের এক স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে হাতেনাতে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সন্ধ্যার দিকে দোহাকুলা ইউনিয়ন পরিষদ ভবনসংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত মনিরুল ইসলাম দোহাকুলা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্বরত রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঘারপাড়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমানের সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও পরিকল্পনা অনুযায়ী এলাকায় মাদক উদ্ধার ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ওইদিন সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই সিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল দোহাকুলা ইউপি কার্যালয়ের আশপাশে অবস্থান নেয়। এ সময় পুলিশি অভিযানে অংশ নেন এএসআই আক্কাস, এএসআই রিজভি ও এএসআই সোহানসহ সঙ্গীয় ফোর্স।
বিজ্ঞাপন
অভিযান চলাকালে সন্দেহভাজন হিসেবে ইউপি সদস্য মনিরুল ইসলামকে আটক করে তল্লাশি চালায় পুলিশ। এ সময় তাঁর হেফাজত থেকে ৫০ পিস অবৈধ ইয়াবা উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে ওই জনপ্রতিনিধির সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ পেয়েছিল পুলিশ।
এ বিষয়ে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে এবং পুলিশের এই অভিযান কোনোভাবেই থামবে না, বরং তা আরও জোরদার করা হবে। সমাজে মাদকের মূলোৎপাটন করতে যেখানেই অপরাধের সন্ধান পাওয়া যাবে, সেখানেই কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
পুলিশ আরও জানিয়েছে, আটক ইউপি সদস্যের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

