মোঃ মাসুদ রানা (কালীগঞ্জ), ঝিনাইদহ:
বাংলাদেশে অপরাধ সংঘটন করে পার পাওয়ার কোনো সুযোগ নেই এবং আইন অনুযায়ী প্রতিটি অপরাধীর উপযুক্ত বিচার হবেই বলে স্পষ্ট বার্তা দিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬ (এসআরবি-৬) খুলনার অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ।
রোববার (১৮ অক্টোবর ২০২৬) সকালে ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কেন্দ্রীয় কালী মন্দির পূজামণ্ডপ পরিদর্শনের পর উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই হুঁশিয়ারি ও মন্তব্য প্রদান করেন।
শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ ও খতিয়ে দেখতে সকালে ঝিনাইদহে পৌঁছান এসআরবি-৬ এর এই শীর্ষ কর্মকর্তা। মণ্ডপ পরিদর্শনকালে তিনি নিরাপত্তা কাঠামোর সার্বিক খোঁজখবর নেন এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
বিজ্ঞাপন
পরবর্তী সময়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে খুলনা বিভাগের আওতাধীন পূজা মণ্ডপগুলোর নিরাপত্তার বিবরণ তুলে ধরে লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেন, শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে খুলনা বিভাগের প্রতিটি পূজা মণ্ডপে নিচ্ছিন্দ্র ও কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি এলাকায় সাধারণ পোশাকে গোয়েন্দা নজরদারির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান তৎপরতা বহুগুণ বৃদ্ধি করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, সাধারণ নিরাপত্তা বলয় জোরদার করার পাশাপাশি সীমান্তবর্তী সংবেদনশীল এলাকার পূজা মণ্ডপগুলোতে বিশেষ নজরদারি ও বাড়তি সতর্কতা নিশ্চিত করা হয়েছে, যাতে কোনো অশুভ চক্র বা অপরাধী গোষ্ঠী কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটানোর দুঃসাহস না পায়।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে ঝিনাইদহ এসআরবি-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কেন্দ্রীয় পূজা মন্দির পরিচালনা কমিটি ও সনাতনী সম্প্রদায়ের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

