মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঢাকের বাদ্য, আলোকসজ্জা, ভক্তদের উপচে পড়া ভিড় আর প্রতিমা দর্শনে পুরো ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে পৌরসভাসহ উপজেলার অলিগলির পূজামণ্ডপগুলোতে বয়ে চলেছে আনন্দের হাওয়া।
গত ১৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে শুভ সূচনার পর থেকে শুরু হওয়া এই উৎসব আগামী ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হবে।
উপজেলা পূজা উদযাপন কমিটি সূত্রে জানা গেছে, চলতি বছর কালীগঞ্জ পৌর এলাকায় ১৫টি এবং উপজেলার ১১টি ইউনিয়নে ৮৮টিসহ সর্বমোট ১০৩টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। বিগত বছরের তুলনায় এবার মণ্ডপের সংখ্যা তিনটি বৃদ্ধি পেয়েছে। পূজামণ্ডপগুলোতে ধর্মীয় নিয়ম-নীতি পালনের পাশাপাশি ভক্ত ও দর্শনার্থীদের সমাগমে এক সার্বজনীন ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
কালীগঞ্জ সার্বজনীন কালীবাড়ি পূজা উদ্যাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শিপু পদ বিশ্বাস জানান, আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনের জন্য প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকারি নির্দেশে প্রশাসন থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে এবং জরুরি যোগাযোগের জন্য বিভিন্ন হটলাইন নম্বর দেওয়া হয়েছে। গতবারের চেয়ে এবার তদারকি অনেক বেশি জোরদার করা হয়েছে।
উৎসবকে সুশৃঙ্খল রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী বলেন, উপজেলার ৮টি পূজামণ্ডপকে অতি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব মণ্ডপ ও সংলগ্ন এলাকায় বিট পুলিশিং ব্যবস্থার মাধ্যমে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। সাধারণ দর্শনার্থীরা যাতে নিরাপদে প্রতিমা দর্শন ও ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন, সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ জানান, দুর্গোৎসব ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের বহিঃপ্রকাশ। সব ধর্মের মানুষের অংশগ্রহণে যেন শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন হয়, সেজন্য উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও পূজা কমিটির সাথে সমন্বয় রেখে কাজ পরিচালনা করা হচ্ছে।
উৎসবের সমাপ্তি পর্যন্ত শান্তিশৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে। আগামী ২১ অক্টোবর বুধবার শুভ বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে পর্দা নামবে এবারের শারদীয় দুর্গোৎসবের। ছবি সংগৃহীত।
