স্ফুলিঙ্গ রিপোর্ট :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনব্যাপী এক বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। ‘যশোরস্থ বারবাজার (শহর মোহাম্মাদাবাদ) সমিতি’র সার্বিক ব্যবস্থাপনা ও উদ্যোগে এই মানবিক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বারোবাজার হাইস্কুল মাঠে আয়োজিত এই ফ্রি আই ক্যাম্পে এলাকার বিভিন্ন বয়সের ৩১০ জন অসহায় ও দরিদ্র রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
আদ্-দ্বীন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের সরাসরি তত্ত্বাবধানে এবং রেশমি অ্যান্ড মাহমুদ সিদ্দিকী ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে শিশু ও বৃদ্ধসহ বিভিন্ন বয়সের মানুষের চোখের বিভিন্ন জটিলতা পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসাপরামর্শ ও ওষুধপত্র প্রদান করা হয়।
বিজ্ঞাপন
দিনব্যাপী চলা এই চিকিৎসা শিবিরে নিখুঁতভাবে চোখ পরীক্ষা শেষে প্রায় ৫০ জন রোগীকে চোখের ছানি পড়া রোগী হিসেবে শনাক্ত করা হয়। বাছাইকৃত এই ছানি রোগীদের পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য যশোরের আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের চক্ষু বিভাগে ভর্তি করে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন করার যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
চিকিৎসা শিবিরের আনুষ্ঠানিক কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বারবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, প্রবীণ শিক্ষক আরশেদ আলী পাতা, যশোরস্থ বারবাজার সমিতির আহ্বায়ক ডা. সাহাব উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব আসাদুজ্জামান, যুগ্ম সদস্য সচিব এস এম সোহেল ও তরিকুল ইসলাম, সিনিয়র সদস্য আমিনুর রহমান এবং বারোবাজার হাইস্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সুধীজন।
আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, সমাজের অবহেলিত ও দরিদ্র মানুষের চোখের আলো ফেরাতে এবং তাদের কষ্ট লাঘব করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও বারোবাজার ও আশপাশের অঞ্চলের জনকল্যাণে এ ধরনের সেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা। প্রত্যন্ত অঞ্চলের গরিব মানুষের জন্য এমন মহৎ উদ্যোগ গ্রহণ করায় আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। ছবি সংগৃহীত।
