রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে পরিচালিত দুই দিনের এক বিশেষ অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে বৈজ্ঞানিক ডোপ টেস্টে মাদক সেবনের সত্যতা প্রমাণিত হওয়ায় বিচারিক আদালত দুজনকে এক বছর করে সশ্রম কারাদণ্ড এবং অপর এক ব্যক্তিকে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড প্রদান করেছেন।
পুলিশ ও আদালত সূত্র জানায়, গত ১৫ অক্টোবর কোটচাঁদপুর মডেল থানা পুলিশের এক বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কোটচাঁদপুরের কাশিপুর গ্রামের মিঠুন হোসেন (৩৫), রুদ্রপুরের মাস্টারপাড়ার শুভ (২১), শের আলী (৩১), পারলাটের বিলপাড়ার সাব্বির (২০) এবং সলেমানপুরের পালপাড়ার ইন্দ্রজিৎ বিশ্বাস (৪২)।
গ্রেপ্তারের পর মিঠুন হোসেন ও শুভর সুনির্দিষ্ট ডোপ টেস্ট করানো হলে পরীক্ষায় মাদক সেবনের ইতিবাচক ফলাফল (পজিটিভ) আসে। পরবর্তীতে তাঁদের সংক্ষিপ্ত বিচার আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় উভয়কেই এক বছর করে সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে সাজা প্রদান করেন। অভিযানে ধৃত অপর তিনজনকে পুলিশ আইনের ৩৪(৬) ধারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে, পরদিন ১৬ অক্টোবর (শুক্রবার) কোটচাঁদপুর পৌর এলাকার টি অ্যান্ড টি পাড়ায় পরিচালিত পুলিশের আরেকটি বিশেষ অভিযানে কৃষ্ণ দাস (৩৩) নামের এক যুবককে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে গাঁজা সেবন, মাদক সংরক্ষণ এবং নেশাগ্রস্ত অবস্থায় জনউপদ্রব সৃষ্টির অভিযোগে আনা হয়।
পরবর্তীতে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসাইনের পরিচালনায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাঁকে হাজির করা হলে অপরাধ স্বীকার করায় ১ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে তাৎক্ষণিক কারাগারে পাঠানো হয়।
মাদকবিরোধী এই চিরুনি অভিযানের বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান স্পষ্ট জানিয়ে দেন যে, এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, মাদক পুরোপুরি নির্মূল এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে কোটচাঁদপুর থানা পুলিশের এই বিশেষ জিরো টলারেন্স অভিযান নিয়মিত বহাল থাকবে। ছবি সংগৃহীত।
