স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২৮ নভেম্বর ২০২৬
যশোর শহরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের মশাল মিছিলের ঘটনায় ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ ও পৃথক অভিযানে পাঁচজনকে আটক করেছে। গত শুক্রবার রাত থেকে শুরু করে আজ শনিবার দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় এবং বিকেলে আদালতে সোপর্দ করলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ সাইফুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি করেছেন।
বিজ্ঞাপন
আটককৃত পাঁচজন হলেন—যশোরের বাঘারপাড়া উপজেলার ক্ষেত্রপালা গ্রামের হাসান আলীর ছেলে মিথুন হোসেন, উত্তর শ্রীরামপুর গ্রামের নুরুল সরদারের ছেলে রনি হাসান, মণিরামপুর উপজেলার ভোজগাতীর চালকিডাঙ্গা গ্রামের নাজমুল হোসেন রাজুর ছেলে হাসিবুল বাশার শান্ত, কন্দপপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে হুমায়ুন কবির এবং যশোর সদর উপজেলার আরবপুরের রঘুরামপুর এলাকার আজাহার আলীর ছেলে মো. নাছিম আহম্মেদ।
মামলার এজাহারভুক্ত আসামিদের তালিকায় রয়েছেন—বাঘারপাড়ার ক্ষেত্রপালা গ্রামের মিথুন হোসেন, শ্রীরামপুরের রনি হাসান, মণিরামপুর থানার চালকিডাঙা গ্রামের হাসিবুল বাশার শান্ত, কন্দপপুর গ্রামের হুমায়ুন কবির, ক্ষেত্রপালা গ্রামের কৌশিক বিশ্বাস ও সবুজ বিশ্বাস, মৌলভীপাড়ার ফারদিন মোল্লা, ক্ষেত্রপালা পশ্চিমপাড়ার পলাশ বিশ্বাস, মণিরামপুরের খালপুর গ্রামের তামিম, চালকিডাঙা গ্রামের ফয়সাল, মশ্বিশনগর গ্রামের আসাদ, সদর উপজেলার আরবপুরের আল আমিন ও বাদল, মাঠপাড়ার শিমুল, রঘুরামপুর গ্রামের নাসিম আহমেদ, খড়কির মেহেদি, পালবাড়ির জাকারিয়া, কাজীপাড়ার হৃদয়, নুরপুর দক্ষিণপাড়ার সেতু, পালবাড়ির রাউসুল সজল, পালবাড়ি পাওয়ারহাউজের অনিক, দীঘিরপাড়ের সাহস, খোলাডাঙ্গার মাসুদ রানা, আরবপুর তালপট্টির সুমন, লোন অফিসপাড়ার বাধন, চুড়িপট্টির মীর মোশারফ হোসেন বাবু, শংকরপুরের আকবরের মোড়ের রনি, লোন অফিসপাড়ার সাকিব চৌধুরী, গাড়িখানার সানি এবং ভেকুটিয়ার জনি।
মামলার বিবরণ অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে যশোর শহরের শহীদ মশিউর রহমান সড়কের বিমান অফিস মোড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ৮০ থেকে ৯০ জন নেতাকর্মী মশাল মিছিল বের করেন বলে পুলিশের কাছে খবর আসে। এমএম কলেজ ছাত্রলীগের সাবেক নেতা সুমন ও জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদের নেতৃত্বে এই মিছিল হয়। সংবাদ পেয়ে রাত ৮টা ২০ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা মশাল ফেলে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। পরে রাত ৮টা ৪৫ মিনিটে স্থানীয় লোকজন ও সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৪০টি মশাল জব্দ করে পুলিশ।
মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়েছে যে, বর্তমান সরকারকে উৎখাত, চলমান উন্নয়ন কর্মকাণ্ডে বিঘ্ন ঘটানো এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এই কর্মসূচি পালন করা হয়েছে। ফাইল ছবি সংগৃহীত।
