মাদক ব্যবসায়ী-সেবীদের পক্ষে কেউ তদবির করবেন না : কালীগঞ্জে আইনমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

মাদক ব্যবসায়ী-সেবীদের পক্ষে কেউ তদবির করবেন না : কালীগঞ্জে আইনমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ):

তারিখ: ২৭ নভেম্বর ২০২৬

মাদক ব্যবসায়ী এবং মাদকসেবীদের রক্ষায় প্রশাসনের কাছে কোনো ধরনের তদবির না করতে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের প্রতি কড়া আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি স্পষ্টভাবে বলেন, বিএনপি, জামায়াত বা অন্য যেকোনো দলের নেতাকর্মীই হোন না কেন, মাদক কারবারি ও সেবীদের পক্ষে কেউ সুপারিশ করবেন না এবং এ বিষয়ে প্রশাসনের অবস্থানও অনড় থাকা উচিত।

আজ শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার চাপালী গ্রামে অনুষ্ঠিত সুদীন্দ্রনাথ ঘোষ (মানু) স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আগুন সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী উল্লেখ করেন, দেশের শান্তি, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকার অতন্দ্র প্রহরীর মতো সজাগ থাকবে বলেও জানান তিনি।

বক্তব্যে বিগত রাজনৈতিক ইতিহাস তুলে ধরে মো. আসাদুজ্জামান বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দেশের মানুষ তৎকালীন সরকার ও রক্ষীবাহিনীর সন্ত্রাস দেখেছে। সে সময় জাসদের ৩০ হাজার নেতাকর্মীকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে। ১৯৭২ সালের ৩১ অক্টোবর কেরানীগঞ্জের সিদ্দিক মাস্টারকে তুলে নেওয়ার ঘটনাকে দেশের প্রথম গুম এবং সিরাজ সিকদারকে প্রথম বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার উল্লেখ করে তৎকালীন শাসকদের সমালোচনা করেন তিনি।

পরবর্তী ১৬-১৭ বছরের পরিস্থিতি বর্ণনা করে মন্ত্রী দাবি করেন, ওই সময়ে তাঁদের প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধাকে বিচারবহির্ভূতভাবে হত্যা এবং ৬০০ জনকে গুম করা হয়েছে। পাশাপাশি প্রায় ৬০ লাখ নেতাকর্মীকে রাজনৈতিক মামলায় জড়িয়ে ঘরবাড়ি ছাড়া করা হয়েছিল।

২০২৪ সালের ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত সহিংসতার কথা স্মরণ করে তিনি বলেন, জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী ওই সময় প্রায় ১ হাজার ৪০০ মানুষ প্রাণ হারান। মাত্র ২০ দিনে ২০ হাজার মানুষ হাত, পা কিংবা চোখ হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছেন, যাঁদের অনেকেই এখনো হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন।

এত হত্যা ও নির্যাতনের পরও কেউ কেউ দেশকে হুমকি দেওয়ার চেষ্টা করছে মন্তব্য করে আইনমন্ত্রী গোপালগঞ্জের লোকজনকে দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগ তোলেন এবং এসব করে কোনো লাভ হবে না বলে সতর্ক করেন।

মোটরসাইকেলে এসে বোমা নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার ঘটনায় কেউ পার পাবে না উল্লেখ করে তিনি বলেন, বিএনপির নেতাকর্মী, প্রশাসন ও বিরোধী দলের নেতাকর্মীরা এসব নীরবে সহ্য করবেন না। সবার ঠিকানা ও চলাচলের পথ জানা আছে—এ কথা মনে করিয়ে দিয়ে অতীতের মতো হত্যাকাণ্ড চালানোর দুঃস্বপ্ন না দেখার পরামর্শ দেন তিনি।

কালীগঞ্জবাসীর উদ্দেশে আইনমন্ত্রী বলেন, এলাকায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান এবং স্থানীয় সংসদ সদস্য রয়েছেন। এরপরও তাঁর প্রয়োজন হলে জানালে তিনি সাধ্যমতো সহযোগিতা করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা প্রশাসক নোমান হাসান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা পুলিশ সুপার আশিস বিন হাসান, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ এবং উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। এ ছাড়া জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

সাংগঠনিক কার্যক্রম জোরদারে যশোর জেলা যুবদলের প্রস্তুতি সভা সম্পন্ন

কোটচাঁদপুরে ৪২ পিস ইয়াবা ও ১৮ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কেশবপুরের বিদ্যানন্দকাটিতে নাশকতার প্রতিবাদে বিএনপির বিশাল মিছিল ও সমাবেশ

শার্শায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি সাহাবুদ্দীন গ্রেপ্তার

খুলনা থেকে প্রতারক দম্পতি আটক জব্দ মোটরসাইকেল, মোবাইল ও সিম

নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে যশোরে যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দুর্যোগকালীন প্রস্তুতি নিয়ে কলাপাড়ায় মাঠ মহড়া : উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন

মহম্মদপুরে এমপি নেওয়াজ হালিমা আরলীর ঐচ্ছিক তহবিল থেকে সহায়তা পেল ৫০ পরিবার

বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে রাজনীতি করার অধিকার নেই : শৈলকুপায় সভায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জাম...

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *