স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং যশোরসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল, পেট্রোল বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে যশোরে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে জেলা যুবদল। আজ শুক্রবার (২৭ নভেম্বর) জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে ককটেল ও পেট্রোল বোমা হামলা চালিয়ে এবং অগ্নিসংযোগ করে জনমনে আতঙ্ক ছড়ানো ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। যশোরসহ সারাদেশে চলমান এসব সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান তাঁরা।
বিজ্ঞাপন
বক্তারা আরও বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো ষড়যন্ত্র রাজপথে থেকেই প্রতিহত করা হবে। নাশকতা ও অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান যুবদল নেতারা।
সমাবেশ শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং এ সময় নেতাকর্মীরা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে নানা স্লোগান দেন। কর্মসূচিতে যশোর জেলা যুবদলের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।
