বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
তারিখ: ২৭ নভেম্বর ২০২৬
পটুয়াখালীর কলাপাড়ায় জলবায়ু সহনশীলতা বৃদ্ধি ও দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা তৈরির লক্ষ্যে দুর্যোগ ঝুঁকি হ্রাস মেলা এবং ঘূর্ণিঝড়ে করণীয় বিষয়ে জনসচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে এ আয়োজনের উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং বেসরকারি সংস্থা জাগো নারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসিসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে পরিচালিত মাঠ মহড়ায় ঘূর্ণিঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় এলাকায় সম্ভাব্য ক্ষয়ক্ষতির চিত্র, জরুরি উদ্ধার অভিযান এবং জানমাল রক্ষার কৌশল প্রদর্শন করা হয়। পাশাপাশি দুর্যোগের সময় সাধারণ মানুষের করণীয় সম্পর্কে হাতে-কলমে বাস্তব ধারণা দেওয়া হয়।
মেলা প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা, উদ্ধার তৎপরতা ও জরুরি সেবা নিয়ে ধারণা দিতে সরকারি ও স্বেচ্ছাসেবী বিভিন্ন প্রতিষ্ঠানের ১৫টি স্টল বসানো হয়। এসব স্টল ঘুরে দর্শনার্থীরা দুর্যোগ মোকাবিলায় ব্যবহৃত সরঞ্জাম ও পূর্বপ্রস্তুতি সম্পর্কে জানতে পারেন। বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারী ও কেয়ার বাংলাদেশের যৌথ উদ্যোগে এ মেলা ও মহড়ার আয়োজন করা হয়। ছবি প্রতিবেদক।
