রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি যশোর থেকে ফিরে,
তারিখ: ২১ নভেম্বর ২০২৬
সুস্থ সাংস্কৃতিক চর্চার প্রসার, সৃজনশীলতার বিকাশ এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে যশোরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রাম-২০২৬’। আজ শনিবার (২১ নভেম্বর) সকাল ৮টা থেকে যশোর প্রেসক্লাব অডিটোরিয়ামে দেশীয় সাংস্কৃতিক সংসদ, যশোর অঞ্চলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম পথিকৃৎ সাইফুল্লাহ মানসুর। অধ্যাপক গোলাম রসুল এমপির সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ রানা পারভেজ, সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, সংসদ সদস্য তাজ উদ্দিন খান, সংসদ সদস্য রুহুল আমিন, এ টি এম বেলাল হুসাইন এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল আহসান।
বিজ্ঞাপন
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন বিশিষ্ট শিল্পী রোকনুজ্জামান। এ ছাড়া কোটচাঁদপুরের সাংস্কৃতিক ও মিডিয়া বিভাগের দায়িত্বশীল ব্যক্তিত্ব ও মেয়র পদপ্রার্থী সহকারী অধ্যাপক শরিফুল ইসলামসহ সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের সংগঠক, কর্মী ও সংস্কৃতিপ্রেমীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
দিনব্যাপী এ আয়োজনে সংস্কৃতির মাধ্যমে ব্যক্তি, সমাজ ও জাতির জীবনকে ইতিবাচক ধারায় বিনির্মাণের বিষয়টি মূল প্রতিপাদ্য হিসেবে গুরুত্ব পায়। বক্তারা বলেন, সংস্কৃতি কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং একটি জাতির চিন্তা, চেতনা, নৈতিকতা ও মূল্যবোধ গঠনের অন্যতম প্রধান শক্তি। নতুন প্রজন্মকে অপসংস্কৃতির প্রভাব থেকে মুক্ত রেখে সুস্থ সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত করা এবং তাদের মধ্যে দেশপ্রেম, সৃজনশীলতা ও সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করতে সাংস্কৃতিক সংগঠনগুলোকে আরও পরিকল্পিত ও গতিশীল ভূমিকা রাখতে হবে।
আয়োজকদের মতে, দূরদর্শী চিন্তা, সাংগঠনিক দক্ষতা ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব তৈরির পাশাপাশি সাংস্কৃতিক কর্মীদের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে যশোরের এ কর্মসূচি ইতিবাচক ভূমিকা রাখবে। ছবি সংগৃহীত।
