বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
নিজের স্থায়ী ঠিকানা হারিয়ে স্বজনদের কাছে ফিরতে পথ চেয়ে প্রহর গুনছেন অসহায় বৃদ্ধা কুলসুম বেগম। নিজের পরিবার, স্বামী ও সন্তানদের হারিয়ে তিনি এখন ঘুরে বেড়াচ্ছেন দ্বারে দ্বারে। বর্তমান কোনো নির্দিষ্ট আশ্রয় না থাকায় অন্যের দয়ায় দিনযাপন করা এই বৃদ্ধাকে উদ্ধার করে আশ্রয়ের ব্যবস্থা করেছে পটুয়াখালীর কলাপাড়ার সামাজিক ও মানবিক সংগঠন ‘পাশে দাঁড়ায়’।
সংগঠনটি সূত্রে জানা গেছে, পরিবারহারা এই অসহায় বৃদ্ধার আনুমানিক বয়স ৭০ বছর। তিনি তাঁর স্বজন ও অতীতের কথা স্পষ্টভাবে স্মৃতি থেকে বলতে পারলেও নিজের গ্রাম, ইউনিয়ন, থানা কিংবা জেলার সঠিক নাম প্রকাশ করতে পারছেন না। কুলসুম বেগম জানিয়েছেন, তাঁর স্বামীর নাম মোক্তার সিকদার (কুদ্দুস) এবং তিনি পেশায় ধান-চালের ব্যবসা করতেন। তিনি চার সন্তানের জননী। তাঁর একমাত্র ছেলের নাম ইব্রাহিম এবং তিন মেয়ের নাম যথাক্রমে সুফিয়া (বড় মেয়ে), ফিরোজা (মেজো মেয়ে) ও পারুল (ছোট মেয়ে)। এ ছাড়া তাঁর তিন দেবরের নাম জব্বার, হামিদ ও সত্তার বলে তিনি উল্লেখ করেছেন।
ঠিকানা বলতে না পারলেও কুলসুম বেগম স্মৃতি থেকে বারবার একটি মাত্র নির্দিষ্ট স্থানের নাম উচ্চারণ করছেন, সেটি হলো ‘ঝিকরগাছা’। মুখে তাঁর একটাই আকুল বুলি—‘আমি আমার বাড়ি ফিরতে চাই।’
বিজ্ঞাপন
বর্তমানে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে সংগঠনটির তদারকিতে এই বৃদ্ধার অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি তাঁর মূল পরিবারকে খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে।
অসহায় কুলসুম বেগমকে তাঁর প্রিয় পরিবারের কাছে ফিরিয়ে দিতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে ‘পাশে দাঁড়ায়’ স্বেচ্ছাসেবী সংগঠন। যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই বৃদ্ধার পরিচয়, পরিবার কিংবা স্বজনদের তথ্য জেনে থাকেন বা তাঁকে চিনে থাকেন, তবে নিম্নোক্ত নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ জানানো হচ্ছে।
যোগাযোগের মাধ্যম:
নয়নাভিরাম গাইন (নয়ন)
প্রতিষ্ঠাতা ও সভাপতি, পাশে দাঁড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন
নীলগঞ্জ, কলাপাড়া, পটুয়াখালী।
মোবাইল: ০১৭১০৭৮৩২৬৩
