রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক, কোটচাঁদপুর (ঝিনাইদহ)
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সাধারণ রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব এবং সামগ্রিক সমস্যা ও সম্ভাবনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মতিয়ার রহমান। সভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. তানভীর জামান প্রতীক।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হুসাইন, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, উপজেলা জামায়াতের আমির মাস্টার আজিজুর রহমান এবং কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি হাসান। এ ছাড়া হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নানসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সভায় সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া, হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনার আধুনিকায়ন, বিদ্যমান নানা সংকট চিহ্নিতকরণ এবং স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে সংশ্লিষ্ট সকলকে আরও অধিক দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর জোরালো গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মতিয়ার রহমান বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক অধিকার। সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালে এসে কোনো ধরনের অযথা ভোগান্তির শিকার না হয়ে খুব সহজেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান এবং স্বল্প খরচে সর্বোচ্চ মানসম্মত সেবা লাভ করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ আন্তরিক হতে হবে।”
তিনি আরও বলেন, “হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে। চিকিৎসক, নার্স ও সকল স্বাস্থ্যকর্মীকে সম্পূর্ণ দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। জনগণের প্রত্যাশা ও আস্থার প্রতি সম্মান জানিয়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টা এখন সময়ের দাবি।”
সভার শেষ পর্যায়ে হাসপাতালের সেবাব্যবস্থাকে আরও বেশি কার্যকর, গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে পারস্পরিক জবাবদিহি এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, নিয়মিত এ ধরনের সমন্বয় সভা ও গৃহীত সিদ্ধান্তগুলোর যথাযথ বাস্তবায়নের মাধ্যমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মান বহুগুণ বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষ প্রকৃত অর্থে উপকৃত হবেন। ছবি সংগৃহীত।
