স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরে শারদীয় দুর্গাপূজার মণ্ডপে প্রতিমা দেখতে যাওয়ার আনন্দমুহূর্ত মুহূর্তের মধ্যেই পরিণত হলো গভীর শোকে। ইঞ্জিনচালিত নসিমন ও যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষে একই পরিবারের দুই ভাই-বোন নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির পিতামাতাসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
আজ সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় যশোরের ঝিকরগাছা-ছুটিপুর আঞ্চলিক সড়কের মাগুরা ফুলতলা এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।
নিহত দুই শিশু হলো যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মিশ্রিদেয়াড়া গ্রামের বাসিন্দা সাধন কুমার দাসের ছেলে শোভন দাস (১০) এবং তার ছোট বোন দিশা দাস (৩)।
বিজ্ঞাপন
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীর সন্ধ্যায় সাধন কুমার দাস তার পরিবার ও সন্তানদের নিয়ে ভ্যানযোগে ঝিকরগাছা এলাকার পূজামণ্ডপগুলোতে প্রতিমা দর্শন ও আনন্দ করতে বের হন। পথিমধ্যে ভ্যানটি ঝিকরগাছা-ছুটিপুর সড়কের মাগুরা ফুলতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ইঞ্জিনচালিত শ্যাঁলো নসিমন ভ্যানটিকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়।
বিকট শব্দে সংঘর্ষে ভ্যানটি দুমড়েমুচড়ে রাস্তা থেকে ছিটকে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে গুরুতর আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকরা শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
একই পরিবারের দুটি ছোট্ট শিশুর এই আকস্মিক ও করুণ মৃত্যুতে পুরো মিশ্রিদেয়াড়া গ্রামে শোকের মাতম নেমে এসেছে। দুর্ঘটনায় জড়িত যানটি ও চালকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করছে সংশ্লিষ্ট থানা পুলিশ। ছবি সংগৃহীত।
