স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহরের চিহ্নিত চোর, চাঁদাবাজ ও একাধিক মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মনিরুল ইসলাম সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় শহরের মুজিব সড়ক এলাকা থেকে স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
আটক মনিরুল ইসলাম সাগর যশোর শহরের ষষ্ঠীতলা বুনোপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক সাগরের বিরুদ্ধে এলাকায় চুরি, ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বেপরোয়া চাঁদাবাজিসহ মোট ৫টি ফৌজদারি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে এলাকা ছেড়ে পলাতক ছিল এবং এলাকায় কুখ্যাত চোর হিসেবে চিহ্নিত।
রোববার সন্ধ্যায় সাগর শহরের প্রাণকেন্দ্র মুজিব সড়ক এলাকায় গিয়ে সাধারণ পথচারী ও ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শনসহ তীব্র মারমুখী আচরণ শুরু করে। তার ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও হুমকিতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। একপর্যায়ে উপস্থিত স্থানীয় জনতা একত্রিত হয়ে তাকে হাতেনাতে আটক করে পুলিশে সংবাদ দেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।
আজ সোমবার (১৯ অক্টোবর ২০২৬) গ্রেপ্তারকৃত আসামি মনিরুল ইসলাম সাগরকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। ছবি সংগৃহীত।

