স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর ক্যান্টনমেন্ট কলেজে আড়ম্বরপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে ৫৫ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় আয়োজিত ঐতিহ্যবাহী ‘আন্তঃক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’।
চূড়ান্ত পর্বের শ্বাসরুদ্ধকর যুক্তির লড়াই শেষে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।
আজ সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সকালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ মিলনায়তনে এ প্রতিযোগিতার ফাইনাল ও সমাপনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের বিতার্কিকদের হাতে ট্রফি এবং মেডেল তুলে দেন ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. হাফিজুর রহমান।
বিজ্ঞাপন
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল মো. হাফিজুর রহমান বলেন, প্রযুক্তির ওপর মাত্রাতিরিক্ত নির্ভরশীলতা নয়, বরং প্রযুক্তিকে কেবল সহায়ক মাধ্যম হিসেবে গ্রহণ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, শিক্ষার্থীদের নিজস্ব মৌলিক চিন্তাশক্তিকে জাগিয়ে তুলতে শিক্ষকদের বলিষ্ঠ ভূমিকা রাখা অত্যন্ত জরুরি। অন্যথায় আধুনিক প্রযুক্তির অনিয়ন্ত্রিত ব্যবহার শিক্ষার্থীদের সৃজনশীল ও স্বাধীন চিন্তা করার ক্ষমতাকে দিন দিন দুর্বল করে দিতে পারে।
দেশের বিভিন্ন প্রান্তের সেরা সব ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সমন্বয়ে গঠিত বিতর্ক দলগুলো এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগীদের ধারালো যুক্তিনির্ভর বক্তব্য, যথাযথ তথ্য-উপাত্তের পরিবেশন এবং তাৎক্ষণিক বুদ্ধিমত্তার দ্যুতিতে মুখরিত ছিল পুরো বিতর্ক প্রাঙ্গণ।
জমকালো এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেনাবাহিনী সদর দপ্তর ও যশোর সামরিক অঞ্চলের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাবৃন্দ, যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন। বিচারকমণ্ডলীর বস্তুনিষ্ঠ দিকনির্দেশনা ও পরামর্শ কাজে লাগিয়ে শিক্ষার্থীরা আগামী দিনে দেশের কল্যাণে আরও ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা প্রকাশ করেন আয়োজকরা। ছবি সংগৃহীত।
