স্ফুলিঙ্গ রিপোর্ট :
ময়মনসিংহে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজা এবং একটি প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (১০ অক্টোবর ২০২৬) ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানাধীন পাটগুদাম ব্রিজ বাসস্টেশন সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর এই অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার জাফরাবাদ ইউনিয়নের সুবন্দী গ্রামের দীন ইসলাম দীনুর ছেলে মো. আবু সাইদ (৩৮) এবং নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার পশ্চিম বাহকুড় এলাকার মৃত মানিক চন্দ্র শীলের ছেলে সুজন চন্দ্র শীল (৩০)।
বিজ্ঞাপন
অভিযান পরিচালনাকারী দল তাঁদের কাছ থেকে তল্লাশি চালিয়ে মোট ৩০ কেজি গাঁজা এবং অবৈধ মাদক পরিবহনে ব্যবহৃত একটি ‘TOYOTA SALOON’ মডেলের প্রাইভেটকার জব্দ করে। পুরো অভিযানের স্থিরচিত্র ও প্রয়োজনীয় দালিলিক প্রমাণাদি সংরক্ষণ করা হয়েছে।
ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়েছে। ছবি সংগৃহীত।

