ভ্রাম্যমাণ আদালতে কর্মচারীকে পিটিয়ে ২৪ ঘণ্টার মধ্যেই বদলি হলেন ইউএনও

ভ্রাম্যমাণ আদালতে কর্মচারীকে পিটিয়ে ২৪ ঘণ্টার মধ্যেই বদলি হলেন ইউএনও

স্ফুলিঙ্গ ডেক্স :

ময়মনসিংহের ত্রিশালে অবৈধ বালুমহালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাকালে এক কর্মচারীকে চড়থাপ্পড় ও বেত্রাঘাত করার অপরাধে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীকে ওএসডি জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ার ২৪ ঘণ্টার ব্যবধানে তাঁর বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হলো।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ড. গোলাম মোরশেদ স্বাক্ষরিত এক বিশেষ প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।

ঘটনা সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দিনভর ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলনবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেন ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকী এবং এসিল্যান্ড মাহবুবুর রহমান। অভিযানের একপর্যায়ে কানিহারী ইউনিয়নের কুলু বাড়ি মোড় এলাকার একটি বালুঘাটে যান তাঁরা। তবে ঘাটের কর্মচারীরা দাবি করেন যে বালুর স্তূপ ত্রিশাল সীমান্তে থাকলেও ঘাটটি পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার আওতাধীন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরবর্তীতে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইউএনও, এসিল্যান্ড ও সঙ্গে থাকা র‌্যাব-আনসার সদস্যরা ঘাটের অফিসে প্রবেশ করে ইজারার কাগজপত্র দেখতে চান। ঘাট কর্মচারী জোবায়ের হোসেন কাগজপত্র দেখাতে না পেরে ইউএনওর পরিচয় জানতে চান। এতে ইউএনও ক্ষিপ্ত হয়ে নিজের পরিচয় দিয়ে সাবধানে কথা বলার সতর্কবার্তা দেন। কর্মচারী জোবায়ের এর উত্তরে বলেন, ‘এখানে তো আপনার মতো অনেকেই আসে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে।’

কথাটি শুনেই উত্তেজিত হয়ে ইউএনও আরাফাত সিদ্দিকী ‘তুই আমাকে চিনিস না?’ বলে জোবায়েরকে এলোপাতাড়ি চড়থাপ্পড় মারতে থাকেন এবং লাঠি দিয়ে আঘাত করেন। একপর্যায়ে সঙ্গে থাকা এসিল্যান্ড এগিয়ে এসে ইউএনওকে থামান।

আইন প্রয়োগকারী কর্মকর্তার এই মারধরের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে সর্বত্র চরম বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়। আজ বিকেলে স্থানীয় ইজারাদার ও সংশ্লিষ্ট প্রশাসন বিষয়টি নিয়ে বৈঠক করে পারস্পরিক দুঃখপ্রকাশও করেন।

তবে জনমনে ক্ষোভের মুখে ঘটনার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই অভিযুক্ত ইউএনওকে ত্রিশাল থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার সরকারি নির্দেশ আসে।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পদায়ন সংক্রান্ত বদলির কপি তাঁরা হাতে পেয়েছেন এবং দ্রুততম সময়ের মধ্যেই এই আদেশ কার্যকর করা হবে।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *