রফিক মন্ডল,কোটচাঁদপুর, ঝিনাইদহ :
ঝিনাইদহ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে থেকে একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি ও ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগের সাবেক নেতা আশিকুর রহমান ওরফে জাপানকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
আজ রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থানকালে ডিবি পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
আটককৃত আশিকুর রহমান ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বসন্তপুর গ্রামের গোলাম আলীর ছেলে। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সর্বশেষ আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ছিলেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আটক আশিকুর রহমান একটি চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় আসামি। ওই মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ ও আইনানুগ তথ্য প্রমাণের স্বার্থে তাঁকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।
ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের কর্মকর্তা মুরাদ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, একটি হত্যা মামলার আসামি হিসেবে আশিকুর রহমানকে আটক করা হয়েছে এবং তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তবে কোন সুনির্দিষ্ট হত্যা মামলায় তিনি এজাহারনামীয় আসামি, তা প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর এবং নথি যাচাই-বাছাই সাপেক্ষে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে ডিবি পুলিশ জানিয়েছে। ছবি সংগৃহীত।
