রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক, কোটচাঁদপুর (ঝিনাইদহ) থেকে : ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরের মানুষের সার্বিক কল্যাণে রাজধানীতে গড়ে ওঠা একটি সামাজিক উদ্যোগ এবার প্রাতিষ্ঠানিক ও আইনি স্বীকৃতি লাভ করেছে। ঢাকায় বসবাসরত কোটচাঁদপুর পৌর এলাকার নাগরিকদের পারস্পরিক সহযোগিতা, শিক্ষা, চিকিৎসা ও মানবিক সহায়তায় কাজ করার লক্ষ্য নিয়ে গঠিত ‘কোটচাঁদপুর পৌর কল্যাণ সমিতি-ঢাকা’ সমাজকল্যাণ অধিদপ্তরের আনুষ্ঠানিক নিবন্ধন পেয়েছে। এর মাধ্যমে রাজধানীতে অবস্থানরত কোটচাঁদপুরের মানুষের সামাজিক দায়বদ্ধতার উদ্যোগটি আরো সুসংগঠিতভাবে এগিয়ে যাওয়ার নতুন দ্বার উন্মোচিত হলো।
গত ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সমাজকল্যাণ অধিদপ্তর, ঢাকা থেকে সংগঠনটির অনুকূলে নিবন্ধন সনদ প্রদান করা হয়। নিবন্ধনের পাশাপাশি একই সাথে অনুমোদন দেওয়া হয়েছে ২১ সদস্যবিশিষ্ট একটি গতিশীল নির্বাহী কমিটি।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে রফিকুল আলম মুকুল এবং সাধারণ সম্পাদক হিসেবে হাবিব মো; আহসান খোকন নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. আমিনুর রহমান স্বপন, প্রকৌশলী আবু সালেহ মোঃ হানিফ, হায়দার আলী ও হাবিবুর আলী। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. রফিকুল ইসলাম (মধু)।
বিজ্ঞাপন
কমিটির অন্যান্য পদের মধ্যে সাংগঠনিক, অর্থ, ক্রীড়া, দপ্তর, প্রচার ও প্রকাশনা, সাহিত্য-সাংস্কৃতিক, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক সম্পাদকসহ একাধিক দায়িত্বশীল পদে যোগ্য ব্যক্তিদের মনোনীত করা হয়েছে। পাশাপাশি বেশ কয়েকজনকে নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রাখা হয়েছে।
সংগঠন সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১১ মার্চ ঢাকায় বসবাসরত কোটচাঁদপুর পৌরবাসীর কল্যাণে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার উদ্দেশ্যে প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়। পরবর্তীতে সাধারণ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ, উন্মুক্ত আলোচনা ও ধারাবাহিক সভার মাধ্যমে এর মূল রূপরেখা ও কার্যক্রম প্রস্তুত করা হয়।
সংগঠনের রূপকাররা জানান, শুধু কাগজ-কলমে বা আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকা তাদের উদ্দেশ্য নয়; বরং বিপদে-আপদে প্রকৃত মানুষের পাশে দাঁড়ানোই সমিতির মূল লক্ষ্য। বিশেষ করে এলাকার অসচ্ছল মানুষের উন্নত চিকিৎসা সহায়তা, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা, যেকোনো মানবিক বিপর্যয়ে দ্রুত পাশে দাঁড়ানো, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সর্বাত্মক জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে সংগঠনটির।
সংশ্লিষ্টদের মতে, দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোটচাঁদপুরের বাসিন্দাদের মধ্যে সমন্বয় ও সহযোগিতার একটি শক্তিশালী সেতুবন্ধন হিসেবে কাজ করবে এই সমিতি। বিশেষ করে রাজধানীতে অবস্থানরত বিভিন্ন উচ্চপদস্থ পেশাজীবী, ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীদের অভিজ্ঞতা ও সক্ষমতাকে সরাসরি নিজ পৌরসভার জনকল্যাণে কাজে লাগানোর দারুণ সুযোগ তৈরি হয়েছে।
সমাজের সামর্থ্যবান ও অসহায় মানুষের মধ্যবর্তী দূরত্ব হ্রাস করা, যেকোনো পারিবারিক কিংবা সামাজিক সংকটে দ্রত সহায়তার হাত বাড়িয়ে দেওয়া এবং শিক্ষা ও মানবিক উন্নয়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে এই নিবন্ধিত প্ল্যাটফর্মটি যুগান্তকারী ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।
সরকারি নিবন্ধন লাভের ফলে সংগঠনের প্রতিটি সামাজিক কার্যক্রম এখন থেকে আরো স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সাধারণ সদস্যরা। দল-মত ও শ্রেণি-পেশার পার্থক্যের ঊর্ধ্বে উঠে কোটচাঁদপুর পৌর এলাকার আপামর মানুষের সেবায় সমিতিটি একটি মডেল সামাজিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে—এমনটাই আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। ছবি সংগৃহীত।
