স্ফুলিঙ্গ রিপোর্ট :
‘দেখাও যত প্রতিভা তোমার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত দেশের সর্ববৃহৎ ও জনপ্রিয় শিশু-কিশোর প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘মার্কস অলরাউন্ডার’-এর জাতীয় পর্যায়ে অভাবনীয় সাফল্য অর্জন করেছে যশোরের প্রতিভাবান নৃত্যশিল্পী রূপকথা। সারা দেশের লক্ষাধিক প্রতিযোগী পেছনে ফেলে নৃত্যের সিনিয়র গ্রুপে সেরা পাঁচে (টপ ফাইভ) জায়গা করে নিয়েছে এ উদীয়মান তারকা।
গত ১১ ও ১২ সেপ্টেম্বর রাজধানী ঢাকার বারিধারাস্থ সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটির জাতীয় পর্যায়ের চূড়ান্ত বাছাই পর্ব। দুই দিনব্যাপী চলা এই শ্বাসরুদ্ধকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাছাই পর্ব শেষে বিচারকদের উচ্চসিত প্রশংসায় রূপকথা সেরা চার প্রতিযোগীর সাথে জাতীয় পর্যায়ের ‘স্টুডিও রাউন্ড’-এ ওঠার গৌরব অর্জন করে।
আয়োজক সূত্রে জানা যায়, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস থেকে দেশব্যাপী ট্যালেন্ট হান্ট কার্যক্রম শুরু করে ‘মার্কস অলরাউন্ডার’। জেলা ও বিভাগীয় পর্যায়ের একাধিক ধাপের বাছাই পেরিয়ে ঢাকার চূড়ান্ত পর্বে সুযোগ পায় পাঁচ শতাধিক শিশু-কিশোর। নাচ, গান, আবৃত্তি, চিত্রাঙ্কন, উপস্থিত অভিনয় ও বিতর্ক—এই ছয়টি বিষয়ে তিনটি গ্রুপে প্রতিযোগীরা অংশ নেয়। এর মধ্যে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নৃত্যের সিনিয়র গ্রুপে সারাদেশের ২৬ জন সেরা নৃত্যশিল্পী জাতীয় বাছাইয়ে মুখোমুখি হয়।
বিজ্ঞাপন
প্রতিযোগিতার দুই দিনই নিজের সৃষ্টিশীল ও দৃষ্টিনন্দন নৃত্য পরিবেশনার মাধ্যমে বিচারকমণ্ডলীকে মুগ্ধ করে রূপকথা। কঠিন একাধিক ধাপ পেরিয়ে সে জাতীয় পর্যায়ে সেরা পাঁচে নিজের আসন নিশ্চিত করে। এখন স্টুডিও পর্বে অপর চার প্রতিযোগীর সঙ্গে জাতীয় পর্যায়ের চূড়ান্ত ট্রফি ও স্বীকৃতির জন্য লড়াই করবে সে।
উল্লেখ্য, রূপকথা কেবল মঞ্চেই নয়, নৃত্যবিষয়ক নান্দনিক কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিপুল পরিচিতি ও প্রশংসা কুড়িয়েছে। নিয়মিত কঠোর অনুশীলন, মঞ্চ পরিবেশনা এবং নাচের প্রতি একাগ্রতার জন্যই সে আজ এই উচ্চতায় পৌঁছাতে পেরেছে।
যশোরের স্বনামধন্য এই তরুণ নৃত্যশিল্পীর জাতীয় পর্যায়ের এমন সাফল্যে যশোরের শিল্প-সংস্কৃতি ও নৃত্যাঙ্গনে আনন্দের জোয়ার বইছে। স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বরা আশা প্রকাশ করছেন, স্টুডিও রাউন্ডেও অসাধারণ নৈপুণ্য দেখিয়ে রূপকথা যশোরকে দেশসেরার মুকুট এনে দেবে। ছবি সংগৃহীত।
