কোটচাঁদপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত, শোভাযাত্রা ও বর্ণাঢ্য আলোচনা সভা

কোটচাঁদপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত, শোভাযাত্রা ও বর্ণাঢ্য আলোচনা সভা

রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক, কোটচাঁদপুর (ঝিনাইদহ), ৪ সেপ্টেম্বর ২০২৬

ধর্মীয় ভাবগাম্ভীর্য, সম্প্রীতি ও উৎসবমুখর আবহে ঝিনাইদহের কোটচাঁদপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি (জন্মাষ্টমী) উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) সকালে কোটচাঁদপুর কেন্দ্রীয় সিদ্ধেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতে কেন্দ্রীয় সিদ্ধেশ্বরী কালী মন্দির থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কোটচাঁদপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির চত্বরে এসে শেষ হয়। এতে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও শিশুদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

পরে মন্দির প্রাঙ্গণে বাবু কানাই লাল সাহার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি এস. কে. এম. সালাহ উদ্দিন বুলবুল সিডল, কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক সুবাস কুমার রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি পবিত্র কুমার দাস ও সাধারণ সম্পাদক শান্তি বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, “ভগবান শ্রীকৃষ্ণের জীবনদর্শন, শিক্ষণীয় বাণী ও মহান আদর্শ মানবসমাজকে সর্বদা সত্য, ন্যায়, প্রেম, প্রজ্ঞা ও পরম মানবতার পথ দেখায়। তাঁর সেই শাশ্বত আদর্শ অন্তরে ধারণ করে সমাজ থেকে যাবতীয় হিংসা, বিদ্বেষ, অন্যায় ও অন্ধকার দূর করে পারস্পরিক শান্তি ও অসাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।”

বক্তারা আরও বলেন, “প্রভুর মোহন বাঁশির সুধা মানবহৃদয়কে ভালোবাসা ও উদারতায় পরিপূর্ণ করুক। সত্য ও ন্যায়ের চেতনায় দীপ্ত হয়ে একটি সুন্দর ও কল্যাণকামী সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।”

ধর্মীয় আচার-অনুষ্ঠান, নামসংকীর্তন, আলোচনা ও শোভাযাত্রাকে কেন্দ্র করে পুরো কোটচাঁদপুর শহর জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও বিশ্ব মানবজাতির সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *