মো: মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় গভীর রাতে পিকআপ গাড়ি নিয়ে এসে সংঘবদ্ধ চোরের একটি দল এক প্রান্তিক কৃষকের গোয়ালঘর ভেঙে তিনটি দামি গরু চুরি করে নিয়ে গেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার ছোট শিমলা গ্রামের কৃষক আব্দুর রাজ্জাকের বাড়িতে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক পরদিন সকালে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী কৃষক আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে জানান, প্রতিদিনের মতো ঘটনার দিন রাতেও গোয়ালে থাকা গরুগুলোকে খাবার দিয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছিলেন। কিন্তু ভোরে ঘুম থেকে জেগে গরুগুলোকে খাবার দেওয়ার উদ্দেশ্যে গোয়ালঘরে গিয়ে তিনি দেখতে পান গোয়ালঘরের তালা ভাঙা এবং ভেতরে একটি গরুও নেই। চোরেরা অত্যন্ত সুকৌশলে তার গোয়াল থেকে দুটি ফ্রিজিয়ান জাতের গাভী ও একটি দেশি জাতের ষাঁড় চুরি করে নিয়ে গেছে।
কৃষক আব্দুর রাজ্জাকের ছেলে মিন্টু জানান, সকালে ঘুম থেকে উঠে চারদিকে অনেক খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে তাদের বাসার পাশের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, রাত তিনটার ঠিক পরপরই একটি পিকআপ ভ্যানে করে সুকৌশলে তাদের তিনটি গরু তুলে নিয়ে পালিয়ে যায় চোরচক্রটি।
বিজ্ঞাপন
এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভের বিষয়ে ওই গ্রামের বাসিন্দা বকুল হোসেন জানান, ইদানিং প্রায় রাতেই তাদের এলাকায় এ ধরনের গরু চুরির ঘটনা ঘটছে। কিন্তু কার্যকর ও জোরালো কোনো প্রতিরোধ ব্যবস্থা গড়ে না ওঠায় এলাকার সাধারণ মানুষ সবসময় একধরনের চরম চুরি আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, গরুর চুরির এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। চুরি যাওয়া গরুগুলো উদ্ধার এবং এর সঙ্গে জড়িত সংঘবদ্ধ চোরচক্রকে দ্রুত গ্রেপ্তার করতে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক অভিযান ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ইতিপূর্বে কালিগঞ্জ থানা এলাকা থেকে যে একাধিক গরুগুলো চুরি হয়েছে তার একটিও পুলিশ এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি। পুলিশ শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছে বলে জানান ভুক্তভোগীরা ।ছবি সংগৃহীত।

