নিজস্ব প্রতিবেদক, কোটচাঁদপুর (ঝিনাইদহ)
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সাবেক পৌর চেয়ারম্যান ও পৌর বিএনপির সাবেক সভাপতি মরহুম এ কে এম সিরাজুল হক সিরু মিয়ার ২৫তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) কোটচাঁদপুরের ‘সিরু মিয়া কামরুন্নাহার পৌর মাধ্যমিক বিদ্যালয়’-এর নিজস্ব মিলনায়তনে এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, উপজেলা পৌর বিএনপির সভাপতি এবং কোটচাঁদপুরের সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিয়ার রহমান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. শহীদুল ইসলাম, সিনিয়ার শিক্ষক মো. খলিলুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা ও দোয়া পরিচালনা করেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক।
বিজ্ঞাপন
স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুর রাজ্জাক মরহুম এ কে এম সিরাজুল হক সিরু মিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক জীবনের বিভিন্ন দিক অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, কোটচাঁদপুর পৌরসভার সামগ্রিক উন্নয়ন এবং মানুষের সেবায় মরহুম সিরু মিয়ার অসামান্য অবদান স্থানীয় ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
সভাপতির বক্তব্যে এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর সততা, আদর্শ ও জনসেবার ব্রত নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত এবং শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ছবি সংগৃহীত।
