স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জেলায় ডেঙ্গু ও হাম পরিস্থিতি নিয়ে পৃথক দুটি দৈনিক স্বাস্থ্য বুলেটিন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তথ্যানুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় জেলায় নতুন করে চার জন ডেঙ্গু রোগী এবং এক জন নতুন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা স্বাক্ষরিত পৃথক প্রতিবেদনে এই তথ্য পাওয়া যায়।
ডেঙ্গু পরিস্থিতির চিত্র: সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত চব্বিশ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে চার জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে অভয়নগরে একজন, কেশবপুরে দুই জন এবং মনিরামপুরে একজন রোগী ভর্তি হন। চলতি বছরের এক জানুয়ারি থেকে আজ পর্যন্ত জেলায় মোট তিনশত ৯৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, যার মধ্যে তিনশত ৭২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং দুই জনকে অন্যত্র রেফার্ড করা হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট বিশ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। অভয়নগরে সবচেয়ে বেশি ১৬ জন ভর্তি রয়েছেন। এ বছর জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা শূন্য।
হাম পরিস্থিতির চিত্র: অন্যদিকে, হাম সংক্রান্ত প্রতিবেদনে জানানো হয়, গত চব্বিশ ঘণ্টায় নতুন করে এক জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এক জনের রক্ত ও অন্যান্য নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। গত পনেরো মার্চ থেকে আজ পর্যন্ত জেলায় মোট আটশত বাষট্টি জন সন্দেহজনক হাম রোগী চিহ্নিত হয়েছেন, যার মধ্যে একশত সতেরো জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। চিকিৎসা শেষে ছয়শত ৩৯ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে মোট নয় জন হাম রোগী ভর্তি রয়েছেন। এ পর্যন্ত হামেও কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বিজ্ঞাপন
জেলা সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়েছে, জেলায় ডেঙ্গু ও হাম উভয় সংক্রামক ব্যাধিই নিয়ন্ত্রণে রয়েছে। ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতার পাশাপাশি হাম মোকাবিলায় নমুনা পরীক্ষা ও সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। ফাইল ছবি সংগৃহীত।
