স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের শার্শা থানা পুলিশের এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৯৬৫ পুরিয়া (১৩০ গ্রাম) গাঁজাসহ মোছাঃ ফাতেমা ওরফে রত্না (২২) নামের এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
গত শনিবার (১ আগস্ট ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শার্শা থানাধীন নাভারণ রেল বাজার এলাকায় এই সফল অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশের এসআই (নিঃ) আশীষ সরকারের নেতৃত্বে একটি চৌকশ টিম নাভারণ রেল বাজার ১ নম্বর ওয়ার্ডের মোঃ খোকনের বসতঘরে অভিযান চালায়। এ সময় সঙ্গীয় নারী পুলিশের সহায়তায় ঘরে তল্লাশি চালিয়ে ৬৫ পুরিয়া গাঁজাসহ ফাতেমা ওরফে রত্নাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর আসামি মোঃ রিপন গাজী (৩৫) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃত ফাতেমা ওরফে রত্না উত্তর বুরুজ বাগান এলাকার মোঃ আশিকের স্ত্রী এবং নাভারণ রেল বাজারের মোঃ খোকনের মেয়ে। পলাতক আসামি মোঃ রিপন গাজী একই এলাকার মোঃ রিয়াজুল গাজীর ছেলে।
শার্শা থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত ১৩০ গ্রাম গাঁজা জব্দ তালিকা মূলে হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি নিয়মিত মাদক মামলা রজু করা হয়েছে।
আজ রোববার (২ আগস্ট ২০২৬) গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামি রিপন গাজীকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।
