স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ১৪ নভেম্বর ২০২৬
যশোরের মণিরামপুর উপজেলায় হলুদ সাংবাদিকতা বা অপসাংবাদিকতা কঠোর হাতে দমন এবং সমাজ থেকে মাদক নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে মণিরামপুর প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
মণিরামপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম মজনুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেনের সঞ্চালনায় সভায় এলাকার জ্যেষ্ঠ ও তরুণ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওসি আবু সাঈদ বলেন, সমাজ থেকে অপতথ্য ও অপসাংবাদিকতা দূর করতে মণিরামপুর প্রেস ক্লাব এর আগে যেসব সাহসী ও প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে, তা সত্যি প্রশংসার দাবিদার। পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রকৃত সাংবাদিকদেরই এই অপতৎপরতা রুখে দাঁড়াতে হবে।
বিজ্ঞাপন
মাদকদ্রব্যের অপব্যবহার রোধ প্রসঙ্গে তিনি আরও বলেন, কেবল পুলিশের একক অভিযানে মাদক পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত আন্দোলন ও জনসচেতনতা। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কলম বা ক্যাবল টিভির মাধ্যমে মাদকের বিরুদ্ধে শক্তিশালী জনমত গড়ে তুলতে পারেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণমূলক কাজে পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দৈনিক প্রতিদিনের কণ্ঠের প্রকাশক ও সম্পাদক শাহিনুর রহমান পান্না, প্রেস ক্লাবের সহসভাপতি ইলিয়াস হোসেন ও জিএম ফারুক আলম, যুগ্ম সম্পাদক অশোক কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক এস এম সিদ্দিক, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সোহান, এবং নির্বাহী সদস্য আব্বাস উদ্দিন, বোরহান উদ্দিন জাকির, হোসাইন নজরুল হক, আসাদুজ্জামান রয়েল ও মোহাম্মদ বাবুল আকতারসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা একযোগে ঘোষণা করেন যে, মণিরামপুরকে যেকোনো মূল্যে অপসাংবাদিকতামুক্ত এবং মাদকমুক্ত একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে পুলিশ ও সাংবাদিক সমাজ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। ছবি সংগৃহীত।
