স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরে কোতোয়ালি থানায় দায়েরকৃত একটি ফৌজদারি মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী নাছিমা সুলতানা মহুয়া, আবু বকর সিদ্দিক এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) যশোর সদর থানার আমলি আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুনানি শেষে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করে এ আদেশ প্রদান করেন।
আদালতের নথি সূত্রে জানা গেছে, যশোর কোতোয়ালি থানার মামলা নম্বর-৪৯ (তারিখ: ১৩ নভেম্বর ২০২৫)-এর সুষ্ঠু তদন্তের স্বার্থে ও আসামিদের উক্ত ঘটনায় সম্পৃক্ততার প্রমাণ মেলায় তাঁদের গ্রেপ্তার দেখানোর জন্য বিজ্ঞ আদালতে লিখিত আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা।
বিজ্ঞাপন
আদালত শুনানি শেষে মামলার মূল নথি এবং সিডি (কোর্ট ডায়েরি) পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। এ সময় কাঠগড়ায় ও নথি পর্যালোচনায় আসামিদের নাম-ঠিকানা ও পরিচয়সহ প্রাথমিক জিজ্ঞাসাবাদের সত্যতা মিললে তাঁদের উক্ত মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করার আদেশ দেওয়া হয়।
আদালত সূত্রে আরও জানানো হয়েছে, সংশ্লিষ্ট মামলাটি বর্তমানে বিচারিক আদালতে তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার অধীনে বিচারাধীন রয়েছে। ফাইল ছবি সংগৃহীত।

