স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহরতলীর মুড়ূলি মায়া পেট্রোল পাম্প সংলগ্ন কাজিপুর রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে শেখ আকবর আলী (৫৬) নামে এক ব্যক্তির নিথর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সকালে বন্ধ ঘরের দরজা ভেঙে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শেখ আকবর আলী স্থানীয় আলেক মন্ডলের তিনতলা বাড়ির দ্বিতীয় তলায় দীর্ঘ দিন ধরে একাকী ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
বিজ্ঞাপন
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে শেখ আকবর আলী নিজ কক্ষে প্রবেশ করেন। আজ রবিবার সকাল পেরিয়ে গেলেও ঘর থেকে বের না হওয়া এবং দীর্ঘ সময় দরজা বন্ধ থাকায় বাড়ির মালিকের মনে সন্দেহ জাগে। একপর্যায়ে তিনি ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং আকবর আলীকে বিছানায় মৃত অবস্থায় দেখতে পেয়ে কোতোয়ালি থানা পুলিশে খবর দেন।
খবর পেয়ে যশোর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ উদ্ধার করে। পরে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশটি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।
স্বজনদের সাথে কথা বলে জানা যায়, পারিবারিক মনোমালিন্য ও জটিলতার কারণে তিনি দীর্ঘ দিন ধরে স্বজনদের কাছ থেকে কিছুটা বিচ্ছিন্ন অবস্থায় একাকী জীবনযাপন করছিলেন। পাশাপাশি তিনি বেশ কিছুদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। প্রাথমিক পর্যবেক্ষণ ও পারিবারিকভাবে ধারণা করা হচ্ছে—হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (স্ট্রোক) তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, নিহতের শরীরে আপাতদৃষ্টিতে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্টভাবে জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
ফাইল ছবি সংগৃহীত।

