স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ১৭ নভেম্বর ২০২৬
যশোরের শার্শা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের তিন স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৬ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের আটক করা হয়। পরে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে পুলিশি প্রহরায় তাঁদের যশোরের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শার্শা উপজেলা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাগআঁচড়া ধাবকপাড়ার আলহাজ্ব আ. লতিফ ধাবকের ছেলে মো. শফিক মাহমুদ ধাবক (৪৩), লক্ষণপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও আন্দোলনপোতা গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে মো. আমিনুর রহমান (৫২) এবং ডিহি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও টেংরালী উত্তরপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মো. বজলুর রহমান (৫০)।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর শার্শা থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক পদার্থ আইনে একটি মামলা (মামলা নম্বর-২৩) দায়ের করা হয়েছিল। ওই মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে এই তিনজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে গতকাল রাতে শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মো. জাহিদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
শার্শা থানা পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত রয়েছে। বর্তমানে উপজেলার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। ছবি সংগৃহীত।

