স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ১৮ নভেম্বর ২০২৬
যশোরের চৌগাছা থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ পরিদর্শক মেহেদী হাসান। আজ বুধবার (১৮ নভেম্বর) তিনি তাঁর নতুন কর্মস্থল চৌগাছা থানায় যোগদান করেন।
পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, চৌগাছা থানায় যোগদানের পূর্বে মেহেদী হাসান পাশের জেলা ঝিনাইদহের কোটচাঁদপুর থানার ওসি হিসেবে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক নিয়মিত বদলির অংশ হিসেবে সেখান থেকে বদলি হয়ে তিনি যশোরের গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী এই উপজেলায় নতুন দায়িত্ব পেলেন।
বিজ্ঞাপন
এদিকে, নবাগত ওসি মেহেদী হাসানের যোগদানের খবরে চৌগাছা উপজেলার সাধারণ মানুষ ও সচেতন মহলের মাঝে নতুন করে আশার সঞ্চার হয়েছে। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, নতুন ওসি তাঁর পূর্ববর্তী অভিজ্ঞতার আলোকে চৌগাছা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ নেবেন। বিশেষ করে সীমান্তবর্তী এই অঞ্চলে মাদক ও চোরাচালান রোধ, সন্ত্রাস দমন, চুরি-ডাকাতিসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি আপসহীন ভূমিকা পালন করবেন।
এলাকাবাসীর আরও প্রত্যাশা, নবাগত ওসি মেহেদী হাসান সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার প্রতি বিশেষ গুরুত্ব দেবেন। হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিত করার মাধ্যমে পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সুসম্পর্ক গড়ে তুলতে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন বলে মনে করছেন চৌগাছাবাসী। ছবি সংগৃহীত।

