স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন কর্তৃক সরকারি এম এম কলেজের শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত ও গালাগাল করার অভিযোগে তাঁর দ্রুত অপসারণের দাবি জানিয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
আজ সোমবার (১৭ আগস্ট ২০২৬) সরকারি এম এম কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে জাহিদুল ইসলাম বিল্টু ও সাকিব আনোয়ার স্বাক্ষরিত এই স্মারকলিপি জমা দেওয়া হয়।
বিজ্ঞাপন
স্মারকলিপিতে জানানো হয়, সরকারি এম এম কলেজের ইতিহাস বিভাগের ৩য় বর্ষের (২০২২-২০২৩ শিক্ষাবর্ষ) নিয়মিত ছাত্র জাহিদ হাসান সেজান গত ১৬ আগস্ট ২০২৬ তারিখে সার্টিফিকেটে মা-বাবার নাম ভুল সংশোধন সংক্রান্ত কাজে যশোর শিক্ষা বোর্ডে সচিবের কক্ষে যান। কক্ষে প্রবেশের পর উপস্থিত একজন শিক্ষক তাকে বসতে বলেন। পরবর্তীতে তার গলায় নেক ব্যান্ড (হেডফোন) দেখে ক্ষিপ্ত হয়ে সচিব প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন তার শার্টের কলার চেপে ধরে পর পর ৪ থেকে ৫টি থাপ্পড় মারেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর শিক্ষার্থী সেজান প্রহারের কারণ জানতে চাইলে সচিব উদ্ধত প্রকাশ করে বলেন— “মেরেছি তা কী হয়েছে?”। পরবর্তীতে তিনি সেখান থেকে চলে যেতে বাধ্য হন। শিক্ষাঙ্গনে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার প্রশ্ন তুলে স্মারকলিপিতে বলা হয়, বর্তমান শিক্ষা ব্যবস্থার পরিবেশ রক্ষায় এমন অনৈতিক ও ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্ত সচিবকে অপসারণ করা জরুরি।
শিক্ষার্থীরা দ্রুত এই বিষয়টি বিবেচনা সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে জোরালো আবেদন জানান। ছবি সংগৃহীত।


