স্ফুলিঙ্গ রিপোর্ট :
আসন্ন শারদীয় দুর্গাপূজা অত্যন্ত শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে যশোরের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছে নগর ও সদর উপজেলা বিএনপি। শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় যশোর পৌর কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সভায় সভাপতিত্ব করেন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক এবং জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন যে, বিএনপি সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে এবং ধর্মের ভিত্তিতে কোনো ধরনের ভেদাভেদ থাকা উচিত নয়। তিনি আরও উল্লেখ করেন যে, আসন্ন দুর্গাপূজা সম্পূর্ণ নির্বিঘ্নে উদযাপনের জন্য বর্তমান সরকার, স্থানীয় প্রশাসন এবং বিএনপির নেতাকর্মীরা সকলে মিলে অত্যন্ত সমন্বিতভাবে কাজ করে যাচ্ছেন । উক্ত সভায় যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার হক ছাড়াও বিএনপি ও পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য সুধীজন উপস্থিত ছিলেন. ছবি সংগৃহীত।
বিজ্ঞাপন

