মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ)
তারিখ: ১৩ নভেম্বর ২০২৬
ঝিনাইদহের কালীগঞ্জে একই সময়ে ও একই স্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিল এবং স্থানীয় একটি পক্ষের মাদকবিরোধী সমাবেশ আয়োজনকে কেন্দ্র করে সৃষ্ট দীর্ঘ উত্তেজনার অবসান ঘটেছে। উপজেলা প্রশাসনের সময়োপযোগী মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে সমঝোতার পর রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আজ শুক্রবার (১৩ নভেম্বর) অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে, সমঝোতার সিদ্ধান্ত অনুযায়ী মাদকবিরোধী সমাবেশটি স্থগিত রাখা হয়েছে।
শুক্রবার দুপুর থেকে শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বার্ষিক অনুষ্ঠান ও তাফসিরুল কোরআন মাহফিল শুরু হয়। বিকেল গড়ালে মাহফিলের প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন সংসদ সদস্য মুফতি আমির হামজা। মাগরিবের আজানের পূর্বেই মাহফিলের নির্ধারিত কার্যক্রম সফলভাবে সমাপ্ত হয়।
বিজ্ঞাপন
এর আগে, একই মাঠে মুফতি আমির হামজার মাহফিল এবং একই সময়ে ‘সচেতন কালীগঞ্জবাসী ও ছাত্র-জনতা’র ব্যানারে মাদকবিরোধী সমাবেশের পাল্টাপাল্টি ঘোষণা আসায় পুরো পৌর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। মাহফিলের সমর্থনে জামায়াত নেতাকর্মীরা এবং মাদকবিরোধী সমাবেশের প্রচারে অপর পক্ষের লোকজন পাল্টাপাল্টি মোটরসাইকেল শোভাযাত্রা ও মাইকিং করায় সাধারণ মানুষের মাঝে উৎকণ্ঠা দেখা দিয়েছিল। এমনকি জামায়াতের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে ১৪৪ ধারা জারি হলেও মাহফিল বাস্তবায়নের কঠোর ঘোষণা দেওয়া হয়েছিল।
পরিস্থিতি অবনতির আশঙ্কায় গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে কালীগঞ্জ থানার কনফারেন্স রুমে জরুরি বৈঠকে বসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ এবং কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী। স্থানীয় বিএনপি, জামায়াত ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত দীর্ঘ বৈঠকে একটি ঐতিহাসিক সমঝোতা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, মাহফিলে কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য প্রদান করা হবে না এবং পূর্বঘোষিত মাদকবিরোধী সমাবেশটি স্থগিত রাখা হবে। এই সমঝোতার পরই মূলত গোটা এলাকায় স্বস্তি ফিরে আসে।
শুক্রবার অনুষ্ঠিত এই মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা মুহাদ্দিস শফিউর রহমান আফসারী এবং বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করেন মাওলানা ওলিউর রহমান।
উল্লেখ্য, এর আগে গত ১১ নভেম্বর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক পত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা জানিয়ে ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার পরিচালকের করা আবেদনটি আনুষ্ঠানিকভাবে অপারাগতা প্রকাশ করেছিল। তবে মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মেহেদী হাসান ফারুকী জানান, পূর্বের মৌখিক অনুমোদনের ওপর ভিত্তি করে এবং পরবর্তীতে প্রশাসনের মধ্যস্থতায় দুই পক্ষের চমৎকার বোঝাপড়ার মাধ্যমে সকল জটিলতার অবসান ঘটে এবং অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়। ছবি সংগৃহীত।

