স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ১৭ নভেম্বর ২০২৬
ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ফেরার পথে সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কেশবপুর উপজেলা শাখার আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম মানিককে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়।
পুলিশ ও সীমান্ত সুরক্ষা সূত্র জানায়, গত ৮ নভেম্বর চিকিৎসার কথা বলে দুই বন্ধুর সঙ্গে ভারতে গিয়েছিলেন মানিক। তাঁর অপর দুই বন্ধু আগেই দেশে ফিরে এলেও গতকাল সোমবার ভোমরা স্থলবন্দর ও সীমান্ত দিয়ে দেশে প্রবেশের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
বিজ্ঞাপন
এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত কাজী আজহারুল ইসলাম মানিকের বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ড ও বিভিন্ন সহিংসতার অভিযোগে থানায় সুনির্দিষ্ট মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার বিকেলে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত মানিকের পারিবারিক রাজনৈতিক পরিচিতি রয়েছে। তাঁর বাবা কাজী রফিকুল ইসলাম কেশবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তাঁর বড় ভাই কাজী রওনকুল ইসলাম শ্রাবণ কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে পরিচিত। ছবি সংগৃহীত।
