স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের চৌগাছা বাজারে দিনদুপুরে একটি স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা, আসবাবপত্র ভাঙচুর এবং ব্যাংকে জমা দেওয়ার জন্য রক্ষিত নগদ ১০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।
বিজ্ঞাপন
রোববার (২ আগস্ট ২০২৬) দুপুরে চৌগাছা-কোটচাঁদপুর প্রধান সড়কের পাশে অবস্থিত ব্যবসায়ী মেহেদী হাসান শয়নের মালিকানাধীন ‘স্যার ও কিনটাশক’ নামের প্রতিষ্ঠানে এই দুর্ধর্ষ হামলার ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মেহেদী হাসান শয়ন জানান, দুপুরে প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার দুপুরের খাবার খাওয়ার জন্য ক্ষণিকের জন্য বাসায় যান। এই সুযোগে স্থানীয় ৫-৬ জনের একটি দল অতর্কিত দোকানে ঢুকে তাণ্ডব চালাতে শুরু করে। হামলাকারীরা দোকানের ভেতরের মূল্যবান আসবাবপত্র, শোকেস ও অন্যান্য মালামাল ভেঙে লণ্ডভণ্ড করে দেয়।
ব্যবসায়ী শয়নের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, হামলায় সরাসরি অংশ নেন চৌগাছার নিড়িবিলিপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে তরিকুল ইসলাম ও মনিরুল ইসলাম, মৃত মনির উদ্দিনের ছেলে ইসহাক আলী ও সোহাগ এবং ইসহাক আলীর ছেলে নাঈমুজ্জামান সুমন। তাঁরা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও তছনছ চালানোর পাশাপাশি ক্যাশবাক্সে থাকা ব্যাংকে জমার উদ্দেশ্যে রাখা নগদ ১০ লাখ টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।
ঘটনার পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানান, এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে চৌগাছা থানায় একটি লিখিত এজাহার/মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, ঘটনার বিষয়ে খবর পেয়ে পুলিশ নজর রাখছে। ভুক্তভোগী ব্যবসায়ীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলেই ঘটনার সত্যতা যাচাই করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ছবি সংগৃহীত।

