মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ):
শ্রেণিকক্ষের বাইরে গিয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্য নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পাঁচ দিনব্যাপী মাঠ সফর সম্পন্ন করেছেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিমেল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ২৮ শিক্ষার্থী।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ের লেভেল-৪, প্রথম সেমিস্টারের শিক্ষার্থীরা এই সরেজমিন শিক্ষা সফরে অংশ নেন। সফরের অংশ হিসেবে তারা কালীগঞ্জের বিভিন্ন দুগ্ধ খামার, বাণিজ্যিক গবাদিপশুর ফার্ম, কৃষি ও মৎস্য প্রকল্প পরিদর্শন করেন। একই সাথে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কার্যপদ্ধতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা লাভ করেন।
বিজ্ঞাপন
সফরসংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারের সার্বিক তত্ত্বাবধানে এই কার্যক্রমের পরিকল্পনা করা হয়। তাত্ত্বিক পড়াশোনাকে বাস্তবতায় প্রয়োগ ও প্রান্তিক খামারিদের কার্যক্রম কাছে থেকে দেখানোর উদ্দেশ্যে কৃষি ও প্রাণিসম্পদে সমৃদ্ধ কালীগঞ্জকে বেছে নেওয়া হয়।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) সফরের শেষ দিনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজোয়ানা নাহিদ।
অনুষ্ঠানে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোর্শেদুল ইসলাম, লেকচারার আনিকা আহমেদ, কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল আলম রনি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জিন্নু রাইন, উপজেলা প্রকৌশলী শাহরিয়ার আকাশ এবং সাংবাদিক আনোয়ারুল ইসলাম রবি ও জামির হোসেন উপস্থিত ছিলেন।
সফরকালীন দিনগুলোতে শিক্ষার্থীরা বাণিজ্যিক ও গ্রামীণ খামারে গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ, বায়োসিকিউরিটি বা জৈব-নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এছাড়া পশুর জাত উন্নয়ন, সুষম গো-খাদ্য তৈরি ও নিরাপদ আমিষ উৎপাদন কৌশল রপ্ত করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই মাঠ অভিজ্ঞতা শিক্ষার্থীদের ভবিষ্যতে দক্ষ প্রাণিসম্পদ বিশেষজ্ঞ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ছবি সংগৃহীত।


